রূপগঞ্জ সংবাদদাতা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাস্তার ধারে বা হাইওয়ের পাশে কোনো সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা ময়লার ভাগাড় (ল্যান্ডফিল) করা যাবে না। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না এমন এলাকায় ল্যান্ডফিল বা ময়লার ভাগাড়ের জন্য জায়গা ঠিক করতে হবে। রোববার (১৪ জুন) সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে ময়লার ভাগাড় অপসারণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, একটি আলাদা ল্যান্ডফিলের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শিল্প-কারখানা ও পৌরসভার বর্জ্য ফেলা হবে। বর্তমানে অনেক বিদেশি প্রতিষ্ঠান বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈব সার ও গ্যাস উৎপাদনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এসব প্রযুক্তি কাজে লাগানো গেলে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরই প্রায় ৫ কোটি গাছ রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সহকারি পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

