নিজস্ব প্রতিবেদক
দেশে হামের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকহারে বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় টিকা সংগ্রহ করতে সরকার আবারও ইউনিসেফের দ্বারস্থ হয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এই টিকা কেনা হবে। এজন্য ৪১২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ বুধবার (১০ জুন) সচিবালয়ে কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯২ জন মারা গেছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন আরও ৫৩৯ জন। গত তিন মাসেই হাম এবং এর উপসর্গজনিত কারণে মোট ৬৩১ জনের মৃত্যু হয়েছে।
এই সময়েহামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ১৭০ জন। চিকিৎসা শেষে ৬২ হাজার ২৯২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই দেশে এই হামের প্রাদুর্ভাব দেখা দেয়। ফলে পরিস্থিতি সামাল দিতে সরকারকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।
টিকা কেনার নিয়মে অবশ্য সম্প্রতি কিছু পরিবর্তন এসেছে। এর আগে ২০২৪ সাল পর্যন্ত উন্নয়ন সহযোগীদের আর্থিক সহায়তায় ইউনিসেফের মাধ্যমে সরাসরি টিকা সংগ্রহ করা হতো। তবে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ২০২৫ সাল থেকে বিষয়টি রাজস্ব বাজেটের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত বাস্তাবায়ন করে।


