আন্তর্জাতিক ডেস্ক
চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের নতুন মডেল ডিপসিক-ভি৪.১-ফ্ল্যাশ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি তাদের নতুন মডেল আর্কিটেকচার পরিবারের সবচেয়ে ছোট মডেল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নতুন মডেলটি উন্মোচন করে ডিপসিক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মডেলটি আরও উন্নত সক্ষমতা, দ্রুত ইনফারেন্স, বেশি থ্রুপট এবং বড় মডেলে স্কেল করার সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
ডিপসিকের দাবি, নতুন মডেলটি ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দ্রুত দেওয়ার পাশাপাশি একসঙ্গে বেশি সংখ্যক কাজ পরিচালনায় সক্ষম। মডেলটিতে নতুন আর্কিটেকচার ব্যবহারের পাশাপাশি দীর্ঘ প্রসঙ্গ বা কনটেক্সট ব্যবহারের খরচ কমাতে ক্যাশ ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, ডিপসিক-ভি৪.১-ফ্ল্যাশ মুনশটের কিমি কে৩-এর মতো কয়েকটি প্রধান মডেলের সঙ্গে সক্ষমতার দিক থেকে প্রতিযোগিতা করছে, অথচ এর এপিআই মূল্য তুলনামূলকভাবে অনেক কম। নতুন মডেলের অফ-পিক মূল্য প্রতি ১০ লাখ ইনপুট টোকেনে ০.১৫ ডলার এবং আউটপুটে ০.৬০ ডলার নির্ধারণ করা হয়েছে।
নতুন মডেল উন্মোচনের পর চীনা এআই কোম্পানিগুলোর শেয়ারেও প্রভাব পড়েছে। হংকংয়ের বাজারে মিনিম্যাক্স ও জেডএআইয়ের শেয়ারের দাম ৮ শতাংশের বেশি কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। এআই খাতে সক্রিয় আলিবাবার শেয়ারও ২ শতাংশের বেশি কমেছে।
ডিপসিকের নতুন মডেল উন্মোচন এমন সময়ে হলো, যখন চীনা ওপেন-ওয়েট এআই মডেল ও মার্কিন প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মূল্য ও সক্ষমতা নিয়ে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। কম খরচে উন্নত সক্ষমতার মডেল সরবরাহের মাধ্যমে ডেভেলপার, স্টার্টআপ ও বড় প্রতিষ্ঠানগুলোর এআই ব্যবহারের ব্যয় কমানোই ডিপসিকের কৌশলের অন্যতম লক্ষ্য।
বিশেষ করে এআই এজেন্টের ব্যবহার বাড়ায় কম খরচে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে এমন মডেলের চাহিদা তৈরি হয়েছে। এসব এজেন্ট মানুষের সামান্য হস্তক্ষেপে কোড লেখা, বিভিন্ন টুল ব্যবহার ও ওয়েব থেকে তথ্য সংগ্রহের মতো কাজ করতে পারে। ফলে এআই কোম্পানিগুলোর মধ্যে মূল্য ও দক্ষতার প্রতিযোগিতাও আরও বাড়ছে।

