নিজস্ব সংবাদদাতা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই বার্তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক—এই কামনা করি।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে নরেন্দ্র মোদির ছবি সংবলিত একটি শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়।
তারেক রহমানের শুভেচ্ছা বার্তার প্রায় আধা ঘণ্টা পর জবাব দেন নরেন্দ্র মোদি। এক্সে তারেক রহমানের পোস্ট শেয়ার করে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’
১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পালন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন তিনি।

