নিজস্ব সংবাদদাতা
মানুষ হত্যা ও গুম করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর বাংলাদেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাভারের পঞ্চবটি আশ্রম ও ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগ হত্যাকারী দল। তারা দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছে। তাদের আর কোনো দিন দেশে ফিরে আসার সুযোগ হবে না বলে মন্তব্য করেন তিনি।
এবারের দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

