নিজস্ব প্রতিবেদক
নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমকে কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, শারীরিক ও মানসিক সুস্থতা এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন হবে।
প্রধানমন্ত্রী বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রতিটি শিশু স্বপ্ন দেখা, প্রতিভা বিকাশ এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।
তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ, সম্ভাবনার বিকাশ এবং ভবিষ্যৎ ক্রীড়া নেতৃত্ব গড়ে তোলার একটি উদ্যোগ। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান কিশোর-কিশোরীরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। তাদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কৃতী ক্রীড়াবিদ উঠে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাণীতে তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং তাদের আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।
দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার কিশোর-কিশোরী অনলাইনে নিবন্ধন করেছে। এবার প্রতিযোগীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর। ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হওয়ায় প্রতিযোগিতার পরিধি আটটি থেকে বেড়ে ১০টি ক্রীড়া বিভাগে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ অন্বেষণ, শিক্ষা ও খেলাধুলার সমন্বয়, জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং মানসম্মত প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও বিকাশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বাণীতে তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে ১২ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৬৮ হাজারের বেশি খুদে ক্রীড়াবিদ অংশ নিয়েছিল। গত ২৭ জুলাই ঢাকা আর্মি স্টেডিয়ামে ওই আসরের সমাপনী হয়। প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঠানো হয়েছে। তাঁদের মধ্য থেকে বিশেষ প্রতিভাবান ৪০ জনকে সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর দ্বিতীয় আসরে অংশগ্রহণকারী কিশোর-কিশোরী, তাদের অভিভাবক, প্রশিক্ষক, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিযোগিতার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

