নিজস্ব প্রতিবেদক
দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাত দফা নির্দেশনার আলোকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে লকআপের পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে তদারকি জোরদার করা।
এ ছাড়া দায়িত্ব পালনে অবহেলাকারী কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ এবং কারাগারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
কারাগারে দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলাহীনতা এবং নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ না করার কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে। এতে কারাগারের সার্বিক ব্যবস্থাপনাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় সাত দফা নির্দেশনার আলোকে উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।
কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, নির্দেশনাগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে অধিদপ্তর পর্যবেক্ষণব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে সারাদেশের প্রতিটি কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে। পাশাপাশি সব কারাগারকে নিয়মিতভাবে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন ও মতামত জমা দিতে হবে।
তিনি বলেন, নির্দেশনাগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে, তা পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অধিদপ্তরের অপারেশনাল শাখাকে। এ ছাড়া ডেপুটি জেলারসহ অতিরিক্ত জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মী সারাদেশের কারাগারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন।
সেলিম জানান, নির্দেশনাগুলোর অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব পদক্ষেপের সুফল দৃশ্যমান হবে বলে আশা করছে অধিদপ্তর। দায়িত্ব পালনে অবহেলার দায়ে অভিযুক্ত কারা কর্মীদের এক কারাগার থেকে অন্য কারাগারে বদলির নির্দেশও দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া জরুরি প্রয়োজনের বাইরে লকআপের পরবর্তী কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে জেলারের লিখিত অনুমোদন নিতে হবে। পাশাপাশি ব্যবস্থাটির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং সংশ্লিষ্ট রেজিস্টারে তা নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতিটি কারাগারে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভব হলে এ জন্য পৃথক পর্যবেক্ষণকক্ষ স্থাপন করতে হবে। সেখানে সার্বক্ষণিক নজরদারির দায়িত্বে থাকবেন প্রশিক্ষিত ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ কারারক্ষীরা। পৃথক পর্যবেক্ষণকক্ষের ব্যবস্থা না থাকলে উপযুক্ত স্থানে মনিটর স্থাপন করে নিরবচ্ছিন্ন নজরদারি নিশ্চিত করতে হবে।
কর্নেল মেসবাহুল আলম সেলিম বলেন, নিরাপত্তার ঘাটতি রোধে দায়িত্বের স্থান থেকে অননুমোদিত অনুপস্থিতির ক্ষেত্রে শূন্য-সহনশীলতার নীতি গ্রহণ করেছে অধিদপ্তর। কোনো প্রহরী বা পাহারার দায়িত্বে থাকা কর্মীকে অনুমতি ছাড়া নির্ধারিত স্থান ত্যাগ করতে দেখা গেলে তাৎক্ষণিকভাবে লিখিত প্রতিবেদন দিতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দায়িত্বে অবহেলা বা অননুমোদিত অনুপস্থিতির ঘটনা গোপন করা, প্রতিবেদন দিতে বিলম্ব করা কিংবা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।
নির্দেশনায় দায়িত্বে অবহেলার অভিযোগ বারবার ওঠা পাহারাদার কর্মীদের পুনঃপ্রশিক্ষণ, কাউন্সেলিং ও উৎসাহমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে। পরিস্থিতি ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এসব কর্মীকে বদলি করা হতে পারে। প্রয়োজনে বিদ্যমান বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।
প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় প্রহরীদের নির্ধারিত স্থানে অবস্থান এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে বলে জানান সেলিম।
এ ছাড়া কারাগারের সুপারিনটেনডেন্ট, জেলার ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তত্ত্বাবধানের পাশাপাশি আকস্মিক পরিদর্শন করতে বলা হয়েছে। এসব পরিদর্শনে নিরাপত্তা চৌকি, সিসিটিভি পর্যবেক্ষণব্যবস্থা, প্রহরীদের দায়িত্ব পালন এবং সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করতে হবে। কোনো ত্রুটি পাওয়া গেলে তা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও রয়েছে।
গত আগস্টে জারি করা সাত দফা নির্দেশনায় সতর্ক করা হয়েছিল, কারাগারের অভ্যন্তরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কারা প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং জনমনে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।
কারাগারের নিরাপত্তায় ঘাটতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছে কারা অধিদপ্তর।

