নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সরকারি সফর চলবে। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১-এর বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।
পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, এসব কর্মসূচি বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এমন একটি সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সেখানে দুই দেশের সামগ্রিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে এ ধরনের সৌজন্য সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।
জাপানি কনসোর্টিয়ামের আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগী হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার ক্ষেত্রে তুর্কি কোম্পানি চেলেবির আগ্রহের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের বৈঠকে ওই নির্দিষ্ট প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনার সম্ভাবনা কম।
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি ও লোকসানের বিপরীতে ক্ষতিপূরণ প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রাক্কলন তুলে ধরে। এর মাধ্যমে বিষয়টি সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা তৈরি এবং সহযোগিতা পাওয়ার সুযোগ বাড়ে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার বিভিন্ন ধরনের প্রাক্কলন রয়েছে। বৈশ্বিক আলোচনায় এসব তথ্য তুলে ধরার ফলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আন্তর্জাতিক মহলে সচেতনতা তৈরি হয়, যা দেশের স্বার্থে ইতিবাচক ভূমিকা রাখে।
পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন।
তিনি বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে দেশটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি। এ কারণে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
অন্যান্য অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিযোজন কার্যক্রমে অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
সম্মেলনে বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্য তুলে ধরবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নেবে।
এ ছাড়া সম্মেলনের ‘গ্রিন জোনে’ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরা হবে।
পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচারসংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ‘ব্লু জোনে’ দুটি পার্শ্ব-আয়োজনের উদ্যোগ নিয়েছে। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নারীদের ওপর সৃষ্ট বিশেষ ঝুঁকি তুলে ধরা হবে। অন্যটিতে কৃত্রিম পলিমারভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা এবং এ খাতের প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে।
এসব উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর সৃষ্ট বিশেষ ঝুঁকির বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পাটজাত পণ্যের গুরুত্ব তুলে ধরতে চায় বাংলাদেশ।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী জানান, এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং জলবায়ুবিষয়ক আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া সহ-সভাপতির দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় করা হয়েছে। আন্তমন্ত্রণালয় আলোচনা এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব। একই সঙ্গে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের প্রচেষ্টা, অভিজ্ঞতা ও সাফল্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকারবিষয়ক) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

