নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দেশটির ইস্তাম্বুলে পৌঁছান তিনি। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর তুরস্কের আনতালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় আনতালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে।
আগামী ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

