নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাণীতে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন।
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এই ভূমিকা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শান্তিরক্ষায় বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী ও প্রশংসনীয় হয়েছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকা তাদের জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাহিনীটিকে সুশৃঙ্খল, ক্ষিপ্র, সদা তৎপর ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল।
তারেক রহমান বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রয়াসে সশস্ত্র বাহিনী সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের জন্য গৌরবের বিষয়। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।
বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠ—সিপাহি মোস্তফা কামাল, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সিপাহি হামিদুর রহমান, রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের অবদান স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

