বিনোদন ডেস্ক
মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের খুচরা বিক্রি করে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা করেছে অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (জিটিএ সিক্স)। এর মধ্য দিয়ে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে গেমটি, এমনকি নিজের পূর্বসূরি ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ (জিটিএ ফাইভ)-এর রেকর্ডও ভেঙে দিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটির হিসাবে, মুক্তির আগেই বিশ্বজুড়ে ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে জিটিএ সিক্সের। আর মুক্তির প্রথম দিনের খুচরা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।
প্রথম দিনের এই বিক্রি ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ফাইভের প্রথম দিনের আনুমানিক ৮০ কোটি ডলারের আয়ের প্রায় পাঁচ গুণ। জিটিএ সিক্সের এক দিনের বিক্রি ছাড়িয়ে গেছে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির বিশ্বব্যাপী মোট বক্স অফিস আয়কেও।
কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি গেমটির কাহিনি এগিয়েছে দুই অপরাধী চরিত্র লুসিয়া ও জেসনকে ঘিরে। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার গেমটির মুক্তিকে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।
রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ। ‘রেড ডেড রিডেম্পশন’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় গেম সিরিজের প্রকাশক এই প্রতিষ্ঠান। জিটিএ সিক্স নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে গেমটি ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্পে পরিণত হয়েছে।
গেমটি ঘিরে ভক্তদের উন্মাদনাও ছিল চোখে পড়ার মতো। গেমটি টানা খেলার জন্য অনেক গেমার অফিস থেকে ছুটি নিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এমনকি গেম খেলার সময় নিয়ে সঙ্গীদের সঙ্গে ‘চুক্তি’ করার মতো ঘটনাও শোনা গেছে।
গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও তখন বিক্রির পরিমাণ প্রকাশ করেনি টেক-টু। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামের প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়ে যায় বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন ‘জিটিএ অনলাইন’ চালুর সময়সূচি জানার অপেক্ষায় আছেন। কয়েকজন শিল্প বিশ্লেষকের ধারণা, ২০২৭ সালে পিসি সংস্করণ ও অনলাইন মোড চালু হতে পারে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক সময়সূচি জানানো হয়নি।

