বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির উদ্যোগ নিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। তবে এ জন্য এখনো সরকারি অনুমতি ও প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া বাকি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিনেমাটি আমদানির অনুমতি চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন আবেদন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘কিং’ বাংলাদেশে মুক্তি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা। ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ইতিবাচক পরিস্থিতি দেখছেন তাঁরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকেই আসবে।
সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তির বিপরীতে শাহরুখ খানের ‘কিং’ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এম এ রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
বাংলাদেশে ‘কিং’ মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও প্রয়োজনীয় ছাড়পত্র পেতে হবে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ইতিবাচক হলে পরবর্তী প্রক্রিয়া শেষে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পথ তৈরি হবে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা।

