নিজস্ব প্রতিবেদক
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁর অভিযোগ, এই গোষ্ঠী ১৬ বছর জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়ে দেশ শাসন করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন এবং ‘আমি-ডামি’ নির্বাচনসহ অতীতের ভোটের সেই পরিস্থিতিতে ফিরে যেতে চায় না দেশের মানুষ। তাঁর দাবি, ক্ষমতা ধরে রাখতে ওই গোষ্ঠী ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করেছে। ক্ষমতা হারিয়ে দেশের বাইরে চলে যাওয়ার পরও তারা আবার অগ্নিসন্ত্রাস, হামলা ও হত্যার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এসব অধিকার রক্ষায় ২০২৪ সালে যেভাবে গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, এবারও একইভাবে সব রাজনৈতিক দলকে একসঙ্গে দাঁড়াতে হবে। তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
জনসভায় প্রধানমন্ত্রী লালমনিরহাটের উন্নয়ন ও কর্মসংস্থান নিয়েও কথা বলেন। তিনি বলেন, মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন শেষ হলে স্থানীয় কৃষকেরা সেচের সুবিধা পাবেন এবং খালের পাশের বাসিন্দাদের পানির সংকট কিছুটা কমবে। খালের বিভিন্ন অংশ তরুণদের মধ্যে বরাদ্দ দেওয়ার পরিকল্পনাও রয়েছে, যাতে তাঁরা সেখানে মাছ চাষ ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে আয় করতে পারেন।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা নিয়েছে সরকার। কৃষকের সেচসুবিধা বাড়ানো, পানির সংকট কমানো এবং তরুণদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, কার্ডের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে এ কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে প্রত্যেক নারী মাসে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন বলে জানান তিনি।
কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, কৃষকেরা যাতে বছরে অন্তত দুটি ফসল উৎপাদন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার। পাশাপাশি চলতি বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিত্বের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
শিক্ষা খাতের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বইয়ের পাশাপাশি স্কুলের পোশাক দেওয়ার উদ্যোগ রয়েছে। এ ছাড়া ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কর্মসূচি শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
লালমনিরহাটসহ রংপুর অঞ্চলে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাসলাইন নেওয়ার পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তাঁর মতে, গ্যাস সরবরাহ চালু হলে এ অঞ্চলে শিল্পকারখানা স্থাপনে বিনিয়োগ বাড়বে এবং যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বিদেশে কর্মসংস্থান প্রসঙ্গে প্রধানমন্ত্রী দাবি করেন, গত কয়েক মাসে পাঁচ লাখ যুবককে কাজের জন্য বিদেশে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এর আগে এক দিনের সফরে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। পরে তিনি মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা ছিল।

