স্পোর্টস ডেস্ক
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। পাঁচ দেশের অংশগ্রহণে আগামী ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড’। টুর্নামেন্টের ম্যাচগুলো হবে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে।
রোববার (১৫ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দেশের মাটিতে প্রথমবারের মতো এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনকে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেওয়া। দলের খেলোয়াড় আরাফাতুল ইসলাম ফয়সাল জানান, এ প্রতিযোগিতার জন্য তারা দীর্ঘদিন ধরে অনুশীলন করেছেন। সহযোগিতার জন্য তিনি সাফওয়ান বসুন্ধরা গ্লোবালকে (এসবিজি) ধন্যবাদ জানান।
ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সঙ্গে অধিভুক্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এ টুর্নামেন্টের আয়োজক। এবিজি স্পোর্টস সিটি ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত রয়েছে। টুর্নামেন্টের টাইটেল স্পনসর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।

