স্পোর্টস ডেস্ক
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ক্রিকেট ইভেন্টের নারীদের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ। পুরুষদের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই প্রতিযোগিতার আয়োজক দেশ ও সূচি ঘোষণা করেছে।
রোববার (১৫ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টের সূচি ও বাছাইপর্বের কাঠামো প্রকাশ করে আইসিসি। দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের মাধ্যমে আবারও অলিম্পিকের মঞ্চে ফিরছে ক্রিকেট।
আইসিসির ঘোষণা অনুযায়ী, পুরুষদের অলিম্পিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি। আর নারীদের বাছাইপর্ব বাংলাদেশে হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ। দুই প্রতিযোগিতাতেই আটটি করে দল অংশ নেবে। দলগুলো চারটি করে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দল অলিম্পিকের মূল পর্বে খেলার শেষ টিকিট পাবে। প্রতিটি বাছাইপর্বে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে পুরুষ ও নারী—দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে। নারীদের বিভাগে ভারত, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে যোগ্যতা অর্জন করেছে। নিজ নিজ মহাদেশের শীর্ষ দল হিসেবে তারা সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে।
পুরুষদের বিভাগে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী যোগ্য দলগুলো সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাবে। তবে দলগুলোকে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫-এর মধ্যে থাকতে হবে। স্বাগতিক যুক্তরাষ্ট্রও নির্ধারিত র্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করলে সরাসরি জায়গা পাবে। বাকি একটি জায়গা নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।
এদিকে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হবে টুর্নামেন্টটি। ১৯৮৭, ২০১১ ও ২০২৩ সালের পর চতুর্থবারের মতো বিশ্বকাপ আয়োজন করবে ভারত।
এর আগে ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর এককভাবে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করবে ভারত। ২০০৬ সালের পর প্রথমবারের মতো দেশটিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

