নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের মীরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়া হয়। একই দিন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে আসা খড়বোঝাই ট্রাকটি মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে খড় নামানোর অপেক্ষায় রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এ সময় চালক ও সহকারী ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে এক নারী পথচারী চালককে ঘুম থেকে ডেকে জানান, কিছুক্ষণ আগে মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে গেছেন।
চালক ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে নিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ট্রাকের খড় পুড়ে যায়। তবে চালক ও তাঁর সহকারী অক্ষত ছিলেন।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচপুর ব্রিজ এলাকায় তিশা পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। আগুন লাগার পরপরই বাসে থাকা যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এবং কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল রানা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল রানা জানান, যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

