গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারের অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। দীর্ঘস্থায়ী এই দর্শক প্রতিক্রিয়ায় ছবিটি এবারের উৎসবের অন্যতম আলোচিত তথ্যচিত্রে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইতালির ভেনিসে ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘নাজা’র প্রদর্শনী হয়। ৮০ মিনিটের এই তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ইসরায়েলি নির্মাতা ইউভাল আব্রাহাম ও র্যাচেল সোর। আন্তর্জাতিক প্রতিবেদনে ছবিটির প্রদর্শনী শেষে প্রায় ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওভেশনের কথা বলা হয়েছে।
‘নাজা’ নির্মাণে প্রায় তিন বছর অনুসন্ধান চালিয়েছেন নির্মাতারা। এতে পরিচয় গোপন রাখার শর্তে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বিভাগের ২৪ জন সদস্যের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে সাক্ষাৎকারদাতাদের মুখ ও কণ্ঠ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। তেল আবিবের বিভিন্ন ছাদে রাতের বেলায় এসব সাক্ষাৎকার ধারণ করা হয়।
তথ্যচিত্রটিতে গাজায় হামলার লক্ষ্য নির্ধারণ ও নজরদারিতে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি এবং সামরিক ব্যবস্থার কার্যক্রম তুলে ধরা হয়েছে। এতে ‘ল্যাভেন্ডার’ নামে পরিচিত এআই-সহায়তাপ্রাপ্ত একটি লক্ষ্য শনাক্তকরণ ব্যবস্থার কথাও উঠে এসেছে। সাক্ষাৎকারদাতাদের বক্তব্য অনুযায়ী, বিভিন্ন ডিজিটাল তথ্য ব্যবহার করে সম্ভাব্য লক্ষ্য শনাক্ত করার ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।
ছবিটির নাম ‘নাজা’ ইসরায়েলি সামরিক পরিভাষা থেকে নেওয়া হয়েছে। এটি বিমান হামলায় সম্ভাব্য বেসামরিক হতাহতের ধারণার সঙ্গে সম্পর্কিত। তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন সামরিক সদস্য বেসামরিক মানুষের বাড়িঘর ধ্বংস, হামলার লক্ষ্য নির্ধারণ এবং গাজায় সামরিক অভিযানের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দিয়েছেন।
নির্মাতা ইউভাল আব্রাহাম জানিয়েছেন, গাজায় হামলার বিভিন্ন ব্যবস্থা কীভাবে কাজ করত এবং সেগুলো কীভাবে পরিচালিত হতো, তা বিস্তারিতভাবে তুলে ধরাই ছিল তাদের অন্যতম লক্ষ্য। তিনি আন্তর্জাতিক চাপের মাধ্যমে এসব কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলেছেন।
এর আগে আব্রাহাম ও সোর ফিলিস্তিনি নির্মাতা বাসেল আদরা ও হামদান বাল্লালের সঙ্গে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক ছিলেন। ছবিটি ২০২৫ সালে সেরা তথ্যচিত্র বিভাগে অস্কার জেতে।
‘নাজা’ এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়া একমাত্র তথ্যচিত্র। ছবিটি গোল্ডেন লায়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। পুরস্কার ঘোষণা হওয়ার কথা শনিবার।
এর আগে ২০২৫ সালে গাজা যুদ্ধ নিয়ে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ প্রদর্শনের পর প্রায় ২৩ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল। এবারের ‘নাজা’ সেই সময়কে ছাড়িয়ে যাওয়ায় ভেনিস উৎসবে দীর্ঘস্থায়ী দর্শক অভ্যর্থনার নতুন নজির তৈরি করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

