রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন নির্মাতা গৌতম ঘোষ ও প্রযোজক হাবিবুর রহমান খান। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন গৌতম ঘোষ। হাবিবুর রহমান খানের প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।
সম্প্রতি ‘রেডিও গাগা’ নামের একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নতুন সিনেমাটির পরিকল্পনার কথা জানান প্রযোজক হাবিবুর রহমান খান। তিনি জানান, জীবনানন্দ দাশের জীবন, সাহিত্য ও অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হবে।
হাবিবুর রহমান খান বলেন, সিনেমাটি নিয়ে তিনি ও গৌতম ঘোষ দুজনেই দীর্ঘদিন ধরে কাজ করছেন। গৌতম ঘোষ এ বিষয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন। এমনকি সিনেমাটি তৈরির বিষয়ে লেখক শাহাদুজ্জামানের সঙ্গে লন্ডনে গিয়ে সাক্ষাৎও করেছেন তিনি।
বর্তমানে সিনেমাটি প্রস্তুতি পর্যায়ে রয়েছে। জীবনানন্দ দাশের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রযোজক জানিয়েছেন, কবির চরিত্রের জন্য বাংলাদেশ থেকেই একজন অভিনয়শিল্পী নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে গৌতম ঘোষও সম্মতি দিয়েছেন।
গৌতম ঘোষ ও হাবিবুর রহমান খান এর আগে ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর মতো প্রশংসিত সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এবার জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকে কেন্দ্র করে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা।
হাবিবুর রহমান খান দীর্ঘ চলচ্চিত্রজীবনে ‘তিতাস একটি নদীর নাম’, ‘প্রতিজ্ঞা’, ‘প্রাণ সজনী’, ‘নাত বৌ’, ‘বাঁধনহারা’ ও ‘হঠাৎ বৃষ্টি’সহ বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা প্রযোজনা করেছেন।
জীবনানন্দের বায়োপিক নির্মাণকে নিজের দীর্ঘদিনের স্বপ্ন হিসেবে উল্লেখ করেছেন হাবিবুর রহমান খান। তাঁর ভাষ্য, কবির জীবন ও সৃষ্টির প্রতি নিজের দায়বোধ থেকেই তিনি সিনেমাটি নির্মাণ করতে চান।
এর আগে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতা অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। ওই সিনেমায় জীবনানন্দের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন খায়রুল বাসার। তবে গৌতম ঘোষের নতুন সিনেমায় জীবনানন্দের ভূমিকায় কে অভিনয় করবেন, তা এখনো নিশ্চিত নয়।

