বিনোদন ডেস্ক
অ্যান্ডির জন্মদিন মানেই খেলনাদের দুশ্চিন্তা। উপহারের বাক্স খুললেই ঘরে আসতে পারে নতুন কেউ। তখন পুরোনো খেলনাদের কী হবে? কাউবয় পুতুল উডির অবশ্য এত দিন এ নিয়ে ভাবতে হয়নি। অ্যান্ডির সবচেয়ে প্রিয় খেলনা ছিল সে-ই। কিন্তু জন্মদিনের উপহারের বাক্স থেকে মহাকাশচারী পুতুল বাজ লাইটইয়ার বের হতেই বদলে যায় পরিস্থিতি। চকচকে মহাকাশ পোশাক, বোতাম চাপলেই ডানা মেলে—অ্যান্ডির মন জিততে বাজের বেশি সময় লাগে না। উডির জন্য আরও বিরক্তিকর বিষয় হলো, নতুন অতিথি নিজেকে সত্যিকারের মহাকাশ অভিযাত্রী মনে করে।
দুই খেলনার এই রেষারেষি দিয়েই অ্যানিমেশন সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় খুলেছিল পিক্সার। ১৯৯৫ সালের ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টয় স্টোরি’। গত ২২ নভেম্বর ছবিটির মুক্তির ৩১ বছর পূর্ণ হয়েছে। জন ল্যাসেটার পরিচালিত ছবিটি পিক্সারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই সঙ্গে এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ কম্পিউটারনির্ভর পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র। ছবিটি পরিবেশনা করেছিল ওয়াল্ট ডিজনি পিকচার্স।
‘টয় স্টোরি’র আগেই কম্পিউটার দিয়ে অ্যানিমেশন তৈরির কাজ শুরু করেছিল পিক্সার। ১৯৮৬ সালে স্টিভ জবস লুকাসফিল্মের কম্পিউটার গ্রাফিকস বিভাগটি কিনে নেওয়ার পর স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে পিক্সার। ওই বছরই মুক্তি পায় জন ল্যাসেটারের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘লাক্সো জুনিয়র’। টেবিল ল্যাম্পের নড়াচড়ার মধ্য দিয়েও যে চরিত্রের স্বভাব ফুটিয়ে তোলা যায়, সেই পরীক্ষা ছিল ছবিটিতে। পরে ছোট ল্যাম্পটি পিক্সারের পরিচয়ের অংশ হয়ে ওঠে।
১৯৮৮ সালে ল্যাসেটার নির্মাণ করেন ‘টিন টয়’। সেখানে টিনি নামের একটি খেলনার চোখে হামাগুড়ি দেওয়া শিশুকেও ভয়ের কারণ বলে মনে হয়। অস্কারজয়ী এই স্বল্পদৈর্ঘ্য ছবিতে খেলনার দৃষ্টিকোণ থেকে গল্প বলার যে পরীক্ষা করেছিল পিক্সার, ‘টয় স্টোরি’তে তার বিস্তার ঘটে। ১৯৯১ সালে ডিজনি ও পিক্সার কম্পিউটারে তৈরি অ্যানিমেশন ছবি নির্মাণ ও পরিবেশনের চুক্তি করে। সেই চুক্তির ভিত্তিতেই এগিয়ে যায় ‘টয় স্টোরি’র কাজ।
খেলনাদের চোখ দিয়ে গল্প বলার সুবিধা ছিল, অ্যান্ডির চেনা ঘরটিকেই সম্পূর্ণ ভিন্ন এক জগৎ হিসেবে দেখানো সম্ভব হয়। মানুষের কাছে বিছানা আর জানালা ঘরের সাধারণ অনুষঙ্গ। কিন্তু কয়েক ইঞ্চি লম্বা একটি খেলনার কাছে জানালা দিয়ে পড়ে যাওয়াই বড় বিপদ। আবার বাজের চকচকে প্লাস্টিকের পোশাক, উডির কাপড়ের সাজ আর টান দিলেই কথা বলার দড়ি—সবকিছুতেই দুজনের পার্থক্য স্পষ্ট। তাদের রেষারেষি শুরুর আগেই চেহারায় ধরা পড়ে দুই সময়ের খেলনার তফাত।
পর্দায় উডিকে দেখে বোঝার উপায় নেই, এই চরিত্রের কারণেই একসময় ছবিটির নির্মাণকাজ থমকে গিয়েছিল। ১৯৯৩ সালের ১৯ নভেম্বর ডিজনির নির্বাহীদের সামনে স্টোরিবোর্ড দিয়ে সাজানো ছবির একটি খসড়া দেখায় পিক্সার। সেই সংস্করণে উডি ছিল বেশ রূঢ়। ঈর্ষার বশে সে বাজকে জানালা দিয়ে ছুড়ে ফেলে এবং অন্য খেলনাদের সঙ্গেও দুর্ব্যবহার করে। নির্বাহীদের কাছে ওই সংস্করণ গ্রহণযোগ্য হয়নি। চিত্রনাট্য বদলানোর জন্য নির্মাণকাজে বিরতি পড়ে। পিক্সারের ইতিহাসে দিনটি পরিচিত হয়ে আছে ‘ব্ল্যাক ফ্রাইডে’ নামে।
ল্যাসেটার, অ্যান্ড্রু স্ট্যান্টন, পিট ডক্টার ও জো র্যানফট গল্পটি নিয়ে আবার বসেন। চূড়ান্ত ছবিতেও উডি ঈর্ষান্বিত হয়, বাজকে সরানোর ফন্দি আঁটে। তবে তার আচরণের পেছনে থাকে বোঝার মতো একটি ভয়—অ্যান্ডির কাছে নিজের জায়গা হারানোর ভয়। অন্যদিকে বাজের আত্মবিশ্বাসে ধাক্কা লাগে যখন সে বুঝতে পারে, সে কোনো মহাকাশ অভিযাত্রী নয়, দোকানে বিক্রি হওয়া বহু খেলনার একটি। অ্যান্ডির কাছে ফিরতে শেষ পর্যন্ত দুজনকেই একে অন্যের সাহায্য নিতে হয়।
উডির কণ্ঠে টম হ্যাঙ্কসের অস্থিরতা আর বাজের কণ্ঠে টিম অ্যালেনের গম্ভীর আত্মবিশ্বাস দুই চরিত্রের হাস্যরস তৈরি করে। বাজ যখন নিজের মহাকাশ অভিযানের কথা বলে, দর্শক জানেন সে ভুল করছে। টিম অ্যালেন সংলাপগুলো বলেন এমন দৃঢ় বিশ্বাস নিয়ে যে বাজের ভুল যেমন হাসায়, সত্যিটা জানার পর তার হতাশাও তেমনি অনুভব করা যায়। আর র্যান্ডি নিউম্যানের ‘ইউভ গট আ ফ্রেন্ড ইন মি’ গানটি প্রথমে মনে করিয়ে দেয় অ্যান্ডির সঙ্গে উডির সম্পর্কের কথা। গল্প এগোলে গানটি উডি আর বাজের বন্ধুত্বের সঙ্গেও মিলে যায়।
১৯৯৫ সালের ২২ নভেম্বর বুধবার যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের আগের দিন ২ হাজার ৪৫৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘টয় স্টোরি’। প্রথম সপ্তাহান্তের তিন দিনে যুক্তরাষ্ট্র ও কানাডায় ছবিটি আয় করে প্রায় ২ কোটি ৯১ লাখ ডলার। একই সময়ে জেমস বন্ডের ছবি ‘গোল্ডেনআই’ আয় করেছিল প্রায় ১ কোটি ৮১ লাখ ডলার। মুক্তির দিন থেকে রোববার পর্যন্ত পাঁচ দিনের হিসাবে ‘টয় স্টোরি’র আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ৯১ লাখ ডলার। পরের সপ্তাহান্তেও ছবিটি শীর্ষস্থান ধরে রাখে, আয় করে ২ কোটি ডলারের বেশি।
নভেম্বরের শেষ দিকে মুক্তি পাওয়ায় ছবিটির আয়ের একটি অংশ আসে পরের বছর। বক্স অফিস মোজোর হিসাব অনুযায়ী, ১৯৯৫ সালের শেষ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডায় ‘টয় স্টোরি’র আয় ছিল প্রায় ১৪ কোটি ৬২ লাখ ডলার। ওই পঞ্জিকাবর্ষে আয়ের হিসাবে ‘ব্যাটম্যান ফরএভার’ ও ‘অ্যাপোলো ১৩’-এর পর তৃতীয় স্থানে ছিল ছবিটি। তবে প্রথম দফার প্রদর্শনী শেষে যুক্তরাষ্ট্র ও কানাডায় এর মোট আয় দাঁড়ায় প্রায় ১৯ কোটি ১৮ লাখ ডলার। পিক্সারের প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল প্রায় ৩৬ কোটি ২০ লাখ ডলার।
১৯৯৬ সালের ৬৮তম অস্কারে ‘টয় স্টোরি’ তিনটি প্রতিযোগিতামূলক বিভাগে মনোনয়ন পায়। এর মধ্যে মৌলিক চিত্রনাট্য বিভাগে মনোনয়ন পাওয়া ছিল কোনো অ্যানিমেশন ছবির জন্য প্রথম ঘটনা। ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন জস হুইডন, অ্যান্ড্রু স্ট্যান্টন, জোয়েল কোহেন ও অ্যালেক সোকোলো। মূল গল্পের কৃতিত্ব জন ল্যাসেটার, পিট ডক্টার, স্ট্যান্টন ও জো র্যানফটের। সেই বছর মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জেতেন ‘দ্য ইউজুয়াল সাসপেক্টস’-এর ক্রিস্টোফার ম্যাককোয়ারি।
অন্য দুটি মনোনয়ন আসে র্যান্ডি নিউম্যানের হাত ধরে। ‘ইউভ গট আ ফ্রেন্ড ইন মি’ মনোনয়ন পায় মৌলিক গান বিভাগে। ছবির সংগীতের জন্য তিনি মনোনয়ন পান মিউজিক্যাল বা কমেডি ছবির মৌলিক সুর বিভাগেও। দুটি পুরস্কারই যায় ডিজনির আরেক অ্যানিমেশন ছবি ‘পোকাহন্টাস’-এর ঘরে। গান বিভাগে পুরস্কার জেতে ‘কালারস অব দ্য উইন্ড’।
সেই অস্কার আসরেই জন ল্যাসেটার পান একাডেমির বিশেষ অর্জন পুরস্কার। প্রথম পূর্ণদৈর্ঘ্য কম্পিউটার অ্যানিমেশন তৈরিতে পিক্সারের দলকে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি ছিল এটি। তখনো সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশনের জন্য অস্কারে আলাদা বিভাগ চালু হয়নি। ২০০২ সালের আসরে সেই বিভাগের প্রথম পুরস্কার পায় ‘শ্রেক’। এর তিন বছর পর, ২০০৫ সালে, যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেস ‘টয় স্টোরি’কে সংরক্ষণের জন্য ন্যাশনাল ফিল্ম রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত করে।
প্রথম ছবিতে উডির ভয় ছিল, নতুন খেলনা এসে অ্যান্ডির মন কেড়ে নেবে। পরের ছবিগুলোয় সেই ভয় অন্য রূপ পেয়েছে। ১৯৯৯ সালের ‘টয় স্টোরি ২’-এ উডিকে সিদ্ধান্ত নিতে হয়, সে অ্যান্ডির কাছে ফিরবে, নাকি সংগ্রাহকের কাছে মূল্যবান পুতুল হয়ে থাকবে। ২০১০ সালের ‘টয় স্টোরি ৩’-এ অ্যান্ডি কলেজে যাওয়ার বয়সে পৌঁছে যায়। খেলনাদের সামনে তখন প্রশ্ন, যে শিশুর সঙ্গে তাদের এত দিনের সম্পর্ক, সে বড় হয়ে গেলে তাদের কী হবে? ২০১৯ সালে মুক্তি পায় ‘টয় স্টোরি ৪’।
এ বছরের ১৯ জুন মুক্তি পেয়েছে ‘টয় স্টোরি ৫’। সেখানে উডি, বাজ আর জেসিদের নতুন প্রতিদ্বন্দ্বী ‘লিলিপ্যাড’ নামের একটি ট্যাবলেট। ১৯৯৫ সালে অ্যান্ডি জন্মদিনের উপহার হিসেবে পেয়েছিল মহাকাশচারী পুতুল বাজকে। ৩১ বছর পর বনি মজেছে ট্যাবলেটে। এত দিনে শিশুদের খেলার সঙ্গী বদলেছে, বদলেছে প্রযুক্তিও। কিন্তু অ্যান্ডির জন্মদিনের উপহারের বাক্স ঘিরে উডির যে দুশ্চিন্তা দিয়ে গল্প শুরু হয়েছিল, তার রূপ বদলালেও প্রশ্নটি রয়ে গেছে—প্রিয় শিশুটি যখন অন্য কিছু নিয়ে মেতে ওঠে, তখন পুরোনো খেলনাদের কী হয়?

