নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা। বুধবার দুপুরে বঙ্গভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত সভায় জাতীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম এবং দ্য নিউ নেশনের সম্পাদক মো. মোকাররম হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউয়ের সম্পাদক ওসমান গনি মনসুর।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামের সময় ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে কাজ করার স্মৃতিও তুলে ধরেন তিনি।
বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান কাউন্সিলের সদস্যরা। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা। জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

