নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর তাণ্ডব চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, চলতি মাসের ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ সময়ে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এসব পরিসংখ্যান তুলে ধরেন উপদেষ্টা। তিনি জানান, আলোচ্য সময়ে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং পরিবহনে অগ্নিসংযোগের ৯৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
জাহেদ উর রহমান জানান, একই সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের ৭২টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে। দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় এসব মিছিল বেআইনি বলে মন্তব্য করেন তিনি।
পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার বিষয়ে উপদেষ্টা বলেন, এ সময়ে পুলিশের স্থাপনায় হামলার চারটি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ২৮টি এবং স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের চারটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রামীণ ব্যাংকের শাখায় হামলার বিষয়ে পুলিশের তথ্যের বরাতে তিনি জানান, এসব শাখায় ৩৪টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২৫টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং ২৩টি অগ্নিসংযোগের ঘটনা বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় কেউ হতাহত না হলেও আটটি মামলা ও ১৯টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।
উপদেষ্টা আরও বলেন, পুলিশের নথিভুক্ত তথ্যের বাইরে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার তথ্য পাওয়া গেছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি শাখায় হামলার কথা বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে বলে জানান জাহেদ উর রহমান। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির কর্মসূচিতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনায় দলটির চারজন নেতাকর্মী নিহত হয়েছেন। গোপালগঞ্জে সহিংসতার সময় সংসদ সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘর এবং একটি হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।
গঙ্গার পানি বণ্টন চুক্তি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টন করা হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক যোগাযোগ চলছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে এবং ভারতকেও কমিটি গঠন করে প্রথম বৈঠকে বসার অনুরোধ জানিয়েছে। গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জলশক্তিমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দিয়েছেন।
গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই; আলোচনা হচ্ছে ভারতের সঙ্গে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ বলেও জানান তিনি।
নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের বড় বসতি নেই। এ বিষয়ে ভারতের কয়েকটি মূলধারার গণমাধ্যমে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের কিছু বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন উপদেষ্টা। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের আশঙ্কা ও বিজিবির সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। কোনো অভিযুক্ত ব্যক্তি সীমান্ত দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে বিজিবি সতর্ক রয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চারটি হিন্দু বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগের বিষয়ে উপদেষ্টা বলেন, প্রতিটি ফৌজদারি অপরাধের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

