নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাম্প্রতিক আলোচনা ও তৎপরতাকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির মোটরসাইকেল র্যালিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, তাঁরা চান শেখ হাসিনা দেশে ফিরে আসুন। তবে ফিরলে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিমান পাঠানো, গাড়ির ব্যবস্থা করা কিংবা সীমান্তে খোঁজখবর নেওয়ার বিষয়গুলোকে তিনি লোকদেখানো তৎপরতা বলে মন্তব্য করেন। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের উজ্জীবিত রাখার চেষ্টা চলছে।
সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা যাচাইয়ের বিষয়টি নিয়েও কটাক্ষ করেন হাসনাত। তিনি এসব তৎপরতাকে ‘স্ট্যান্ডবাজি’ ও ‘মিডিয়া স্ট্যান্ডবাজি’ বলে অভিহিত করেন। তাঁর দাবি, শেখ হাসিনা শেষ পর্যন্ত দেশে ফিরবেন না।
রাজনৈতিক ঐক্যের বিষয়ে হাসনাত বলেন, শুধু ডিসেম্বরকেন্দ্রিক কিংবা শীত, গ্রীষ্ম ও শরৎকালকে ঘিরে সাময়িক ঐক্য গড়ে তুললে তা টেকসই হবে না। দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দীর্ঘমেয়াদি ও স্থায়ী ঐক্য প্রয়োজন।
তিনি বলেন, গণরায় ও গণভোটের ভিত্তিতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে শক্তিশালী করতে হবে। এসব ভিত্তির ওপর দাঁড়িয়েই স্থায়ী জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।
আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে হাসনাত বলেন, ৫ আগস্টের মধ্য দিয়েই দলটির রাজনৈতিক পরাজয় চূড়ান্ত হয়েছে। তাঁর দাবি, সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনা নেই—বরং দলটি যে ফ্যাসিবাদী ও গণবিমুখ শক্তি, তা আরও স্পষ্ট হচ্ছে।
প্রধানমন্ত্রীর নতুন করে ঐক্যের আহ্বান প্রসঙ্গে তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের কথা তুলে ধরেন। হাসনাতের অভিযোগ, বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে ভারতের ভূমিকা রয়েছে। তবে ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
হাসনাত বলেন, বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে মনোভাব ভারতের মধ্যে রয়েছে বলে তাঁরা মনে করেন, তার বিরুদ্ধেই ৫ আগস্টের আন্দোলন হয়েছিল। এ বিষয়ে সরকারের অবস্থান ও পরিকল্পনা জানতে চেয়েছেন তাঁরা। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের পরিকল্পনা কী, তা-ও জানতে চান এনসিপির এই নেতা।

