নিজস্ব প্রতিবেদক
এসএমই বা ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প খাতে ২০৩১ সালের মধ্যে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তিত অর্থনীতি, প্রযুক্তির অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া তৈরি করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
তিনি বলেন, সরকার বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র ও রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলতে চায়। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর লক্ষ্য অর্জনে এসএমই খাতকে উৎপাদন, সরবরাহ ও মূল্য সংযোজনের শৃঙ্খলে যুক্ত করা প্রয়োজন।
আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে ৬৪ জেলায় প্রতিবছর অন্তত ১০০ জন করে নতুন উদ্যোক্তা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এ খাতের উদ্যোক্তাদের পুঁজি, প্রযুক্তি, ঋণ, দক্ষতা ও বাজারজাতকরণসংক্রান্ত নানা বাধার মুখে পড়তে হয়। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, প্রণোদনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি জানান, এসএমই ফাউন্ডেশন দেশের ১৭৭টি শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারের বিকাশে ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ এবং সৃজনশীল অর্থনীতির প্রসারে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হচ্ছে।
চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প ও তথ্যপ্রযুক্তিসহ সম্ভাবনাময় খাতের পণ্য রপ্তানিতে গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল বিপণন ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ধারণাকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনের ওপরও গুরুত্ব দেন তিনি।
নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা এবং তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তরুণদের নতুন উদ্যোগ দেশের অর্থনীতিতে কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে পারে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা, ব্যবসায়ী প্রতিনিধি এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

