আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের সামরিক বাহিনী ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা মামলায় ৯-৬ ভোটে দেওয়া রায়ে মিয়ানমারকে ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে দায়ী করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন। এতে বলা হয়, মিয়ানমার গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হয়েছে এবং অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতাও লঙ্ঘন করেছে। এ ছাড়া গণহত্যার অভিযোগসংক্রান্ত প্রমাণ সংরক্ষণে আদালতের আগের নির্দেশনা মানতেও ব্যর্থ হয়েছে দেশটি।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করে। ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গাদের ওপর হামলার প্রমাণও পেয়েছেন বিচারকেরা। এসব ঘটনার পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায় ছিল বলে আদালত মনে করেন।
রায়ে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার বিষয়টিও উঠে এসেছে। আদালত বলেন, ২০১৭ সালের সামরিক অভিযানের মুখে সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ ছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অভিযান চালিয়ে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। গাম্বিয়া আদালতের কাছে গণহত্যা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ চেয়েছিল।
অন্যদিকে মিয়ানমারের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পরিপ্রেক্ষিতে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছিল। তবে আদালত প্রমাণ পর্যালোচনা করে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায় দিয়েছেন।
রায়ে মিয়ানমারকে গণহত্যা সনদের বাধ্যবাধকতা পূরণে প্রয়োজনীয় আইন প্রণয়ন, অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজনে বিচার ও শাস্তির ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা নির্ধারণ করেছেন বিচারকেরা। ক্ষতিপূরণের পরিমাণ ও পরিশোধের পদ্ধতি পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা হবে। এ বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে।
আইসিজের এ রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থার ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। এই প্রথম আদালত কোনো রাষ্ট্রকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দায়ী করলেন। রায়টি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্বভাবে রায় কার্যকরের ব্যবস্থা নেই; এর বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
গণহত্যার অভিযোগে ন্যায়বিচারের অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের জন্য এ রায়কে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে রায়ের বাস্তব প্রয়োগ, অপরাধীদের জবাবদিহি এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

