বিনোদন ডেস্ক
সাম্প্রতিক সময়ে একাধিক হিন্দি সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না। বড় তারকা, বিশাল বাজেট কিংবা জমকালো প্রচারণা—কোনোটিই এখন আর সিনেমার সাফল্য নিশ্চিত করতে পারছে না। গতানুগতিক গল্প, দর্শকের রুচির পরিবর্তন, দক্ষিণ ভারতীয় সিনেমার প্রভাব এবং চিত্রনাট্য তৈরিতে তারকাদের ব্যবস্থাপকদের হস্তক্ষেপকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা।
করোনাভাইরাস মহামারির পর দর্শকদের সিনেমা দেখার অভ্যাস ও পছন্দে পরিবর্তন এসেছে। ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বের নানা দেশের সিনেমা দেখার সুযোগ তৈরি হওয়ায় দর্শকের প্রত্যাশাও বেড়েছে। ফলে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার আগে এখন তাঁরা গল্প, নির্মাণশৈলী ও বিনোদনের মান বিবেচনা করছেন। এই পরিস্থিতিতে হিন্দি সিনেমার দর্শক কেন কমছে, কী ধরনের ছবি তাঁদের আবার প্রেক্ষাগৃহে টানতে পারে—এসব বিষয়ে মতামত দিয়েছেন চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ, প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালা, চলচ্চিত্র নির্মাতা আহমেদ খান, বিপণন বিশেষজ্ঞ বরুণ গুপ্তা এবং মাল্টিপ্লেক্স ব্যবসার সঙ্গে যুক্ত নীতিন গুপ্তা ও গৌরব মিশ্র।
করোনার পর মানুষের পছন্দ বদলেছে
তরণ আদর্শের মতে, বলিউডের সিনেমা নির্মাণ ও ব্যবসার মডেল বরাবরই ঝুঁকিপূর্ণ। কারণ, কোনো সিনেমা মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়াই শেষ পর্যন্ত তার সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে। বড় তারকার সিনেমাও কখনো প্রত্যাশা পূরণ করতে পারে না, আবার নতুন কোনো শিল্পীর সিনেমা হঠাৎ সাফল্য পেয়ে যায়। তাই মুক্তির আগে কোনো ছবির বক্স অফিসের ফল নিশ্চিত করে বলা কঠিন।
তরণ আদর্শ মনে করেন, হিন্দি সিনেমার ব্যবসায় অনিশ্চয়তা বাড়ার পেছনে করোনাভাইরাস মহামারিরও বড় ভূমিকা রয়েছে। মহামারির সময় মানুষ টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি ডাব করা সংস্করণ বেশি দেখতে শুরু করেন। তখন তাঁরা ভিন্ন ধরনের, আধুনিক ও সাহসী গল্পের সঙ্গে পরিচিত হন। এতে দর্শকের রুচি ও প্রত্যাশায় পরিবর্তন আসে।
তাঁর ভাষ্য, দক্ষিণ ভারতীয় সিনেমার হিন্দি সংস্করণ দেখার পর অনেক দর্শকের কাছে বলিউডের প্রচলিত মশলাধর্মী সিনেমা আগের মতো আকর্ষণীয় মনে হয়নি। অন্যদিকে, মাল্টিপ্লেক্সে শহুরে দর্শকদের লক্ষ্য করে নির্মিত এবং সামাজিক বিষয়ভিত্তিক সিনেমার জনপ্রিয়তা বাড়ে। এতে বলিউডের প্রচলিত ধারার সিনেমা নিয়ে একধরনের নেতিবাচক ধারণাও তৈরি হয়। ফলে শিল্পটি দর্শকদের একটি বড় অংশের সঙ্গে সংযোগ হারাতে থাকে।
তবে মহামারির পর দর্শকরা যে সব ধরনের মশলাধর্মী সিনেমা প্রত্যাখ্যান করছেন, তা নয়। তরণ আদর্শের মতে, ‘পুষ্পা’, ‘জওয়ান’ ও ‘অ্যানিমেল’-এর মতো সিনেমার ভালো উদ্বোধনী ব্যবসা প্রমাণ করে, শহুরে ও শিক্ষিত দর্শকের পাশাপাশি সাধারণ দর্শকের কাছেও পৌঁছানোর ক্ষমতা এখনো মূলধারার সিনেমার রয়েছে। এ জন্য মহানগরের বাইরের দর্শকদের রুচি ও চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে একক পর্দার সিনেমা হল বা সিঙ্গেল-স্ক্রিন থিয়েটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তরণ আদর্শের মতে, চলচ্চিত্রশিল্পের বড় অংশের ব্যবসা নির্ভর করে সব শ্রেণির দর্শকের কাছে পৌঁছাতে পারে—এমন গণমুখী সিনেমার ওপর। ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’, ‘ধামাল ৪’, ‘আওয়ারাপন ২’, ‘ধুরন্ধর ২’, ‘ভূত বাংলা’ ও ‘হনুমান অংশ’-এর মতো সিনেমা মহানগরের বাইরেও ভালো ব্যবসা করেছে বলে তিনি উল্লেখ করেন।
বলিউডের সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না করার আরেকটি কারণ হিসেবে তারকাদের ঘিরে গড়ে ওঠা ব্যবস্থাপক-নির্ভর সংস্কৃতির কথা বলেছেন তরণ আদর্শ। তাঁর অভিযোগ, চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারকাদের ব্যবস্থাপকেরা অনেক সময় চিত্রনাট্য ও নির্মাণের নানা বিষয়ে হস্তক্ষেপ করেন। এতে অভিজ্ঞ নির্মাতাদের মতামত উপেক্ষিত হয়। এসব ব্যবস্থাপক অনেক সময় পুরোনো অভিজ্ঞতাসম্পন্ন নির্মাতাদের চিন্তাভাবনাকে সেকেলে মনে করেন। অথচ ভালো সিনেমা কেবল বোর্ডরুমের পরিকল্পনায় তৈরি হয় না; এর জন্য প্রয়োজন ভালোবাসা, আবেগ ও নিষ্ঠা।
সিনেমার সাফল্যে গানের ভূমিকাও কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছেন এই বিশ্লেষক। আগে সিনেমা মুক্তির অনেক আগে গান প্রকাশ করা হতো। জনপ্রিয় গান সিনেমার প্রচারে ভূমিকা রাখত এবং দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে আগ্রহী করত। কিন্তু এখন গান ও গানের কথা তৈরিতে আগের মতো সময় দেওয়া হয় না বলে তাঁর মত। এ ছাড়া চিত্রনাট্য তৈরির পর শুটিংয়ের সময় গল্পে বড় ধরনের পরিবর্তন আনা এবং অভিনেতাদের নির্মাণের বিভিন্ন বিভাগে হস্তক্ষেপ করাও সিনেমার মান ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করেন তিনি।
সিনেমার সাফল্যে মজবুত গল্প জরুরি
প্রযোজক ফিরোজ এ নাদিয়াদওয়ালার মতে, সিনেমার সাফল্য অনেকাংশে নির্ভর করে গল্প, বিষয়বস্তু এবং চরিত্রের সঙ্গে মানানসই শিল্পী নির্বাচনের ওপর। ভালো গল্পের সঙ্গে উপযুক্ত অভিনয়শিল্পী যুক্ত হলে সিনেমার ব্যর্থতার ঝুঁকি কমে। বড় বাজেটের সিনেমা আর অপ্রয়োজনীয় খরচে নির্মিত সিনেমার মধ্যে পার্থক্য রয়েছে। পরিকল্পিতভাবে অর্থ ব্যয় করা হলে বড় বাজেটের ছবিতেও তার ইতিবাচক প্রভাব পর্দায় ফুটে ওঠে।
ফিরোজ এ নাদিয়াদওয়ালা বলেন, বারবার শুটিং করতে হওয়া কিংবা নির্ধারিত বাজেট ছাড়িয়ে যাওয়ায় সিনেমার ঝুঁকি বেড়ে যায়। তাই নির্মাণের শুরুতেই বাজেট নিয়ন্ত্রণ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং মান বজায় রাখার পরিকল্পনা থাকা জরুরি। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সম্ভাব্য আয় এবং মুক্তির পর বক্স অফিসের পাশাপাশি ডিজিটাল, স্যাটেলাইট ও গানের স্বত্ব বিক্রি থেকে আয়ের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
তাঁর মতে, সিনেমার মূল উদ্দেশ্য দর্শককে বিনোদন দেওয়া। ভয়, হাসি, কান্না কিংবা রোমাঞ্চ—বিভিন্ন উপায়ে দর্শককে আকৃষ্ট করা যায়। এই ভাবনা থেকেই তাঁর প্রতিষ্ঠানের জন্য ‘ফ্যামিলি ইউনিভার্স’ ধারণাটি বেছে নেওয়া হয়েছে। এর অর্থ, এমন বিনোদনমূলক সিনেমা তৈরি করা, যা পরিবারের সবাই একসঙ্গে দেখতে পারবেন এবং কেউ অস্বস্তি বোধ করবেন না।
ফিরোজ এ নাদিয়াদওয়ালার মতে, শুধু তারকার জনপ্রিয়তা দিয়ে দর্শককে প্রেক্ষাগৃহে আনা সম্ভব নয়। তারকার পরিচিতি কিছু দর্শক টানতে পারে, কিন্তু সিনেমার বিষয়বস্তু দুর্বল হলে তাঁদের ধরে রাখা যায় না। বরং গল্প, সংলাপ, চিত্রনাট্য ও চরিত্র শক্তিশালী হলে তারকার উপস্থিতি সিনেমার আবেদন আরও বাড়াতে পারে। ‘ওয়েলকাম’, ‘হেরা ফেরি’ ও ‘আওয়ারা পাগল দিওয়ানা’র মতো ফ্র্যাঞ্চাইজিকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
চলচ্চিত্র নির্মাতা আহমেদ খানের মতে, সিনেমা নির্মাণে আর্থিক ঝুঁকি অনেক বেশি। কোনো ছবি ভালো ব্যবসা না করলে প্রযোজকের আর্থিক ক্ষতির পাশাপাশি তাঁর ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। তাঁর মতে, একটি সিনেমার নির্মাণ ব্যয় তুলে আনার সম্ভাব্য উৎস পাঁচটি—প্রেক্ষাগৃহের টিকিট বিক্রি, ডিজিটাল স্বত্ব, স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব এবং বিদেশের বাজার।
আহমেদ খান মনে করেন, সিনেমা নির্মাণ একটি সম্মিলিত প্রক্রিয়া। পরিচালক ও প্রযোজকের পাশাপাশি অভিনেতা, কলাকুশলী এবং স্টুডিও—সবারই এতে ভূমিকা রয়েছে। এখন দর্শকসংখ্যা সীমিত হলেও তাঁরা সিনেমা দেখতে যাওয়ার মতো যথেষ্ট কারণ খোঁজেন। নতুন শিল্পীদের প্রেমের গল্প কিংবা যুদ্ধভিত্তিক নাটক—যে ধরনের ছবিই হোক, গল্প আকর্ষণীয় হলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেন।
দর্শকের আগ্রহ তৈরিতে টিজার ও ট্রেলারের গুরুত্বও তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, সিনেমার প্রথম প্রচারমূলক উপকরণ দেখেই দর্শকের মনে ছবিটি নিয়ে কৌতূহল তৈরি হয়। তাই দর্শকের পছন্দ বুঝে উপযুক্ত ট্রেলার তৈরি করা জরুরি।
আহমেদ খানের মতে, প্রেক্ষাগৃহে দর্শক কমে যাওয়ার ধারণাটি পুরোপুরি সঠিক নয়। তাঁর দাবি, মহামারির আগে ভারতীয় চলচ্চিত্রশিল্পের ব্যবসা কখনো এক হাজার কোটি রুপির পর্যায়ে পৌঁছায়নি। তাই দর্শক প্রেক্ষাগৃহে যাচ্ছেন না—এমন সিদ্ধান্তে তিনি একমত নন। বরং ওটিটিতে সিনেমা দেখা দর্শকদের একটি অংশও আবার বড় পর্দায় ফিরছেন বলে মনে করেন তিনি।
তাঁর মতে, সিনেমার সাফল্যের জন্য সব সময় বড় বাজেট বা বড় তারকা প্রয়োজন হয় না। ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর মতো ছবিতে একাধিক তারকার উপস্থিতি ও দৃশ্যভিত্তিক হাস্যরস দর্শকের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করতে পারে। আবার নতুন জুটির প্রেমের গল্পও দর্শকের পুরোনো স্মৃতি ও আবেগের সঙ্গে সংযোগ তৈরি করতে পারলে বড় পর্দায় বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে। জমকালো অ্যাকশন, গাড়ির ধাওয়া, বিস্ফোরণ, একাধিক নায়ক ও শক্তিশালী সংলাপও দর্শককে প্রেক্ষাগৃহে টানার উপাদান হতে পারে।
তারকাখ্যাতির চেয়ে গল্পকে বেশি গুরুত্ব দিচ্ছেন দর্শক
বিপণন বিশেষজ্ঞ ও ম্যাক্স মার্কেটিংয়ের প্রতিষ্ঠাতা-পরিচালক বরুণ গুপ্তার মতে, গত এক দশকে শিক্ষিত, উচ্চ-মধ্যবিত্ত ও জেন-জি দর্শকদের সিনেমা দেখার পছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তাঁরা এখন তারকার জনপ্রিয়তার চেয়ে সিনেমার গল্প ও বিষয়বস্তুকে বেশি গুরুত্ব দেন। ফলে ভিন্নধর্মী ও আকর্ষণীয় গল্প নিয়ে কাজ করতে আগ্রহী নির্মাতাদের জন্য এটি ইতিবাচক পরিবর্তন।
বরুণ গুপ্তা বলেন, বর্তমান দর্শক অনেক বেশি সচেতন এবং বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে পরিচিত। ফলে পর্দায় কৃত্রিম জাঁকজমক আর বিশ্বাসযোগ্য গল্পের পার্থক্য তাঁরা সহজেই বুঝতে পারেন। আগে বড় তারকার উপস্থিতিই দর্শককে প্রেক্ষাগৃহে টানতে পারত, কিন্তু এখন গল্প, তারকার আবেদন এবং সিনেমার ব্যাপ্তির মধ্যে সঠিক সমন্বয় জরুরি।
এ প্রসঙ্গে ‘রামায়ণ’ সিনেমার উদাহরণ দেন বরুণ গুপ্তা। তাঁর মতে, বিভিন্ন চলচ্চিত্রশিল্পের বড় তারকা, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত গল্প এবং জমকালো নির্মাণের সমন্বয় ছবিটিকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলতে পারে।
বরুণ গুপ্তার মতে, অপরাধভিত্তিক থ্রিলারের মতো কিছু ঘরানার সিনেমার জন্য প্রেক্ষাগৃহে দর্শক টানা কঠিন হয়ে উঠেছে। কারণ, এ ধরনের গল্প ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্মে দেখতেই অনেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ‘লাপাতা লেডিস’, ‘মুঞ্জ্যা’, ‘টুয়েলভথ ফেল’ ও ‘হনুমান অংশ’-এর মতো সিনেমার সাফল্য দেখিয়েছে, ভালো গল্প এখনো দর্শককে প্রেক্ষাগৃহে টানতে পারে।
তিনি বলেন, মহামারির সময় ঘরে বসে বিশ্বের নানা দেশের সিনেমা দেখার সুযোগ দর্শকদের আরও বেছে সিনেমা দেখার অভ্যাস তৈরি করেছে। গল্প বলার ধরনে বিশ্বাসযোগ্যতা এবং প্রযোজকদের সঠিক পরিকল্পনা থাকলে দর্শক প্রেক্ষাগৃহে আসবেন। সিনেমা দেখার পর দর্শকের যেন মনে হয়, তাঁদের সময় ও অর্থ ব্যয় সার্থক হয়েছে। এ ক্ষেত্রে টিকিটের দাম, প্রেক্ষাগৃহের পরিবেশ এবং পরিবেশক ও হলমালিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।
বরুণ গুপ্তার মতে, সিনেমা নির্মাণে সৃজনশীলতা ও ব্যবসায়িক পরিকল্পনার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। পরিচালকের সৃজনশীল স্বাধীনতা এবং প্রযোজকের বাণিজ্যিক পরিকল্পনা এক করে ফেললে প্রকল্পের মূল লক্ষ্য থেকে সরে যাওয়ার আশঙ্কা থাকে।

