নিজস্ব প্রতিবেদক
শিশুদের বই পড়ার আগ্রহ বাড়াতে প্রথমবারের মতো চালু হয়েছে ‘চিলড্রেনস বুকার প্রাইজ’। ৫০ হাজার পাউন্ডের এই পুরস্কারের জন্য আটটি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বুকার প্রাইজ ফাউন্ডেশন। আট থেকে ১২ বছর বয়সী পাঠকদের উপযোগী বইগুলো থেকে বিজয়ী নির্বাচন করবেন প্রাপ্তবয়স্ক বিচারকদের পাশাপাশি চার শিশু বিচারক।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত তালিকায় রয়েছে পাঁচটি উপন্যাস, দুটি গ্রাফিক নভেল এবং ছবিসহ ছোটগল্পের একটি সংকলন। বইগুলোর লেখক ও চিত্রশিল্পীরা যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইতালির।
যুক্তরাজ্যজুড়ে আয়োজিত প্রতিযোগিতায় চার হাজারের বেশি শিশুর মধ্য থেকে চারজনকে বিচারক হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাদের একজন হ্যাম্পশায়ারের ১২ বছর বয়সী ইব্রাহিম। বিচারকমণ্ডলীর প্রধান ও লেখক ফ্রাঙ্ক কটরেল-বয়েস তাঁকে ফোন করে নির্বাচিত হওয়ার খবর জানান।
বিবিসিকে ইব্রাহিম বলেন, বিচারক হওয়ার বিষয়টি তাঁর জন্য অত্যন্ত আনন্দের। বই পড়াকে বাইরের জগৎ থেকে কিছুটা দূরে গিয়ে নিজের মতো সময় কাটানোর উপায় হিসেবে দেখেন তিনি। তাঁর পছন্দ ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নতুন চরিত্রের গল্প। গতানুগতিক চরিত্র ও একই ধরনের কাহিনী তাঁকে আকর্ষণ করে না।
কটরেল-বয়েস বলেন, শিশুদের বইয়ের পুরস্কারে শিশুদের বিচারক হিসেবে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাঁর মতে, কোনো বই শিশুদের ভালো না লাগলে সেটি বিজয়ী হওয়ার সুযোগ পাবে না। শিশুদের নিজেদের মতামত প্রকাশের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বিচারকদের প্রভাব বিস্তারের আশঙ্কাও তিনি উড়িয়ে দিয়েছেন।
সংক্ষিপ্ত তালিকায় থাকা বইগুলো হলো গাই বাসের ‘দ্য ওয়ার্স্ট থিং দ্যাট কুড পসিবলি হ্যাপেন’, ইওইন কলফার ও অ্যান্ড্রু ডনকিনের ‘ওয়ার’, ইকবাল হুসেইনের ‘দ্য নাইট আই বোরোড টাইম’, মিকি প্লিজের ‘দ্য র্যাম্বলার্স কার্স’, লিজ হাইডারের ‘দ্য টেলার অব টল টেলস’, ক্যাথরিন ব্রুটনের ‘ট্যাডপোল সামার’, জেসিকা স্কট-হোয়াইটের ‘সিমাস অলমোস্ট ফেমাস’ এবং শন টানের ‘হোমটাউন’।
বইগুলোতে যুদ্ধ, পারিবারিক সম্পর্ক, অসুস্থতা, সময় ভ্রমণ, কল্পজগৎ ও রহস্যের মতো নানা বিষয় উঠে এসেছে। এর মধ্যে ‘ওয়ার’ গ্রাফিক নভেলে অবরুদ্ধ একটি ইউরোপীয় শহরে বসবাসকারী ১৪ বছর বয়সী এক কিশোরীর গল্প বলা হয়েছে। ‘ট্যাডপোল সামার’-এ ভাইয়ের অসুস্থতার মধ্যে প্রকৃতির কাছে আশ্রয় খুঁজে নেওয়া এক কিশোরীর জীবন তুলে ধরা হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে লন্ডনের ইয়ং ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে বিজয়ী বইয়ের নাম ঘোষণা করা হবে। পাশাপাশি সংক্ষিপ্ত তালিকায় থাকা বইগুলোর ৩০ হাজার কপি বই পাওয়ার সুযোগ কম এমন শিশুদের মধ্যে বিতরণ করা হবে।

