নিজস্ব প্রতিবেদক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমান। পরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের সভার সিদ্ধান্ত জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্পঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
বিদ্যুৎ খাতের দুটি প্রকল্পের মধ্যে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকার প্রকল্প রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও সিলেট বিভাগে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পও অনুমোদন পেয়েছে। এর মধ্যে দেশের আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রকল্পের দ্বিতীয় সংশোধনী রয়েছে। অন্য প্রকল্পের আওতায় যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ রয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন চরফ্যাশনে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যকেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে পাবনার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম ও কক্সবাজারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ সংশোধনী অনুমোদন পেয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন কক্সবাজারের পেকুয়ায় ৬৪/২এ ও ৬৪/২বি পোল্ডার পুনর্বাসনের প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটির লক্ষ্য বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়ন।
এদিকে ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প এর আগে পরিকল্পনামন্ত্রী অনুমোদন দিয়েছেন বলে সভায় জানানো হয়। এগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, বন্যা পুনর্বাসন জরুরি সহায়তা প্রকল্প, কেন্দ্রীয় প্যাকিং হাউসের উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগার আন্তর্জাতিক মানে উন্নীত করা, ময়মনসিংহে মৎস্য উন্নয়ন, অভ্যন্তরীণ মৎস্য জরিপের পদ্ধতি উন্নয়ন, বাংলাদেশ ভেনম রিসার্চ সেন্টারের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।

