নিজস্ব প্রতিবেদক
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির অঙ্ক নিয়ে একমত হতে পারেননি। পরে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।
বুধবার ভোরে এক ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে গ্রেড-৪-এর ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এর ২০ হাজার টাকা, গ্রেড-৩-এর ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪-এর ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। সে অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে পরিশোধ করা বেতনে নতুন কাঠামো অনুসারে মজুরি পাওয়ার কথা শ্রমিকদের।
বোর্ড চেয়ারম্যান জানান, প্রথম তিন গ্রেডের মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সম্মতিতে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোট নেওয়া হয়। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে মত দেন।
পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান চেয়ারম্যান। বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, এমন শ্রমিকদের ক্ষেত্রেও অন্তত ২ হাজার টাকা সমন্বয় করা হবে। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।
বোর্ডের চেয়ারম্যান জানান, দ্রুত খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় ও কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা হবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধি ছিলেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

