বিনোদন ডেস্ক
বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স ২০২৬’-এর চূড়ান্ত পর্ব শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্যান ভোটিংয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। বিশ্বজুড়ে দর্শকদের ভোট ও সমর্থনে এই অবস্থানে পৌঁছেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
চূড়ান্ত লড়াইয়ের আগে প্রকাশিত ফলাফলে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশ দ্বিতীয় স্থান দখল করে। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সামিরা খান মাহি জানিয়েছেন, এই সাফল্য কেবল তাঁর একার নয়, বরং দেশের মানুষের ভালোবাসার ফল। বিশ্বমঞ্চে দেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরতে তিনি সবার কাছে শেষ মুহূর্তের ভোট ও দোয়া চেয়েছেন, যাতে বাংলাদেশকে শীর্ষস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়।
মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে শিরিন আক্তার শিলার অংশগ্রহণের মধ্য দিয়ে। এরপর বিরতি দিয়ে ২০২৪ সালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন অনিকা আলম। এই প্রতিযোগিতায় বাংলাদেশ এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য পায় ২০২৫ সালে; সেবার তানজিয়া জামান মিথিলা প্রথম বাংলাদেশি হিসেবে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। এবার সামিরা খান মাহিকে ঘিরে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিতব্য এবারের আসরের গ্র্যান্ড ফিনালে শুরু হবে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায়। বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ২৫ নভেম্বর বুধবার সকাল ৭টায় মূল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৫ সালের মিস ইউনিভার্স বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ নতুন বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেবেন।
এবারের মূল আসরটি সঞ্চালনা করবেন উপস্থাপক মারিও লোপেজ এবং ২০২২ সালের মিস ইউনিভার্স আর’বনি গ্যাব্রিয়েল। এ ছাড়া মঞ্চের পেছনের নানা মুহূর্ত দর্শকদের সামনে তুলে ধরবেন ১৯৯৩ সালের মিস ইউনিভার্স ডায়ানারা টরেস ও উপস্থাপক জুরি হল।
দর্শকরা টেলিভিশনের পর্দায় টেলিমুন্দো ও রিলজ চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। পাশাপাশি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘পিকক’-এও চূড়ান্ত পর্বটি দেখা যাবে। মূল পর্বের আগে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা টেলিমুন্দো এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

