আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘস্থায়ী খরা ও ভবিষ্যতে পানির সংকট মোকাবিলায় নতুন জলাধার নির্মাণ করছে যুক্তরাজ্য। দেশটির দক্ষিণাঞ্চলের হ্যাম্পশায়ারে নির্মাণাধীন হাভান্ট থিকেট জলাধারকে পানি সরবরাহব্যবস্থা শক্তিশালী করার বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরার ঝুঁকি বাড়তে থাকায় দীর্ঘমেয়াদি পানির চাহিদা পূরণে এ প্রকল্প হাতে নিয়েছে দেশটি।
যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে খরার প্রকোপ বেড়েছে। ২০২২, ২০২৫ ও ২০২৬ সালে দেশটিতে খরা পরিস্থিতি দেখা গেছে। ইংল্যান্ডের বিস্তীর্ণ এলাকায় খরা ঘোষণার পাশাপাশি জলাধারগুলোর পানির স্তরও স্বাভাবিকের চেয়ে কমে গেছে। এতে ভবিষ্যতে পানির সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।
হাভান্ট থিকেট জলাধারটি নির্মিত হচ্ছে পোর্টসমাউথের কাছে। এতে প্রায় ৮৭০ কোটি লিটার পানি ধারণ করা যাবে। প্রকল্পটি চালু হলে প্রতিদিন প্রায় ২ কোটি ১০ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে। ২০৩২ সালের দিকে জলাধারটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জলাধার নির্মাণের পাশাপাশি পানি সরবরাহ বাড়াতে আরও বড় পরিকল্পনা নিয়েছে যুক্তরাজ্য সরকার। হাভান্ট থিকেটের বাইরে আরও নয়টি নতুন জলাধার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ২০৫০ সালের মধ্যে প্রতিদিন অতিরিক্ত প্রায় ৭০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সরকারি পূর্বাভাস অনুযায়ী, ২০৫৫ সালের মধ্যে যুক্তরাজ্যে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানির ঘাটতি তৈরি হতে পারে। জনসংখ্যা বৃদ্ধি, পানির চাহিদা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব এ সংকট আরও বাড়াতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় নতুন জলাধার নির্মাণের পাশাপাশি পানি ব্যবহারে দক্ষতা বাড়ানো ও অপচয় কমানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি খরা মোকাবিলায় শুধু নতুন জলাধার নির্মাণই যথেষ্ট নয়। পানির উৎস সংরক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং ব্যবহার নিয়ন্ত্রণের মতো উদ্যোগও জরুরি। তবে নতুন জলাধারগুলো ভবিষ্যতে যুক্তরাজ্যের পানি সরবরাহব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

