স্পোর্টস ডেস্ক
রাইজিং স্টার্স এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ‘এ’ দলের কাছে ৪৮ রানে হেরেছে ভারত ‘এ’ দল। ম্যাচে অধিনায়ক তিলক ভার্মা সেঞ্চুরি করলেও সতীর্থদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় দলকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষে তিলক বলেছেন, অন্য কোনো ব্যাটার তাঁকে একটু সঙ্গ দিতে পারলে হয়তো ম্যাচটি শেষ করতে পারতেন।
রোববার (২২ নভেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ৩১৩ রান করে পাকিস্তান ‘এ’ দল। জবাবে ৪৯.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয় ভারত ‘এ’ দল।
ভারতের হয়ে অধিনায়ক তিলক ভার্মা ১৪৯ বলে ১০০ রানের লড়াকু ইনিংস খেলেন। এ ছাড়া অভিষেক শর্মা ৪২ বলে ৭০ এবং শাহবাজ আহমেদ ৪৯ বলে ৫৬ রান করেন। তবে তাঁদের এই পারফরম্যান্সও দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
রান তাড়ায় ভারতের শুরুটা ভালো হয়নি। বৈভব সূর্যবংশী ১১ রান করে ফিরলেও অভিষেক শর্মা পাল্টা আক্রমণ শুরু করেন। মাত্র ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংসে ছয়টি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি। আয়ুষ বাদোনি শূন্য রানে আউট হওয়ার পর অভিষেক ও তিলক তৃতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন।
অভিষেকের বিদায়ের পর ভারতীয় ইনিংসে ধস নামে। কুমার কুশাগ্রা ২, রিঙ্কু সিং ৬ এবং সূর্যাংশ শেঢ্গে ৩ রান করে ফিরে যান। একপর্যায়ে ১২৯ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত ‘এ’ দল।
সেখান থেকে তিলকের সঙ্গে জুটি গড়ে লড়াই শুরু করেন শাহবাজ আহমেদ। সপ্তম উইকেটে দুজনের ১১২ রানের জুটি ভারতকে ম্যাচে ফেরার আশা দেখায়। তবে ৪৯ বলে ৫৬ রান করে শাহবাজ আউট হওয়ার পর সেই আশা অনেকটাই শেষ হয়ে যায়। আলি রাজা পরপর শাহবাজ ও বিপ্রজ নিগমকে ফিরিয়ে দেন। এরপর হর্ষিত রানাও শূন্য রানে আউট হন।
অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান তিলক। ১৪৮ বলে শতরান পূর্ণ করার পরের বলেই আহমেদ দানিয়ালের শিকার হন তিনি। তাঁর বিদায়ের মধ্য দিয়ে ৪৯.১ ওভারে ২৬৫ রানে শেষ হয় ভারতের ইনিংস।
ম্যাচ শেষে তিলক বলেন, অভিষেক যেভাবে ইনিংস শুরু করেছিল এবং মাঝের ওভারে শাহবাজ যেভাবে তাঁর সঙ্গে জুটি গড়েছিল, তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, তাঁরা যখন রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন, তখনই শাহবাজ আউট হয়ে যান। শাহবাজ আরও দুই ওভার বা তার কাছাকাছি সময় ক্রিজে থাকতে পারলে হয়তো তিনি ম্যাচটি শেষ করতে পারতেন।
ভারত ‘এ’ দলের অধিনায়ক আরও বলেন, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচ জেতা। দল জিততে না পারলে ব্যক্তিগত পারফরম্যান্সকে তিনি সেরা মনে করেন না। অন্য কোনো ব্যাটার তাঁকে একটু সঙ্গ দিতে পারলে হয়তো ম্যাচটি শেষ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।
তিলকের ভাষ্য, অধিনায়ক হিসেবে দলের চাপ ও দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া উচিত। আর এই দায়িত্ব নিতে তিনি ভালোবাসেন।

