নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় আগামী ১ জুলাই পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ এপ্রিল মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করেছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আগামী ১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবারের শুনানিতে মামলার আসামিদের মধ্যে ইউসুফ হোসেন, কাজল হাওলাদার, আবদুল্লাহ আল মামুন, সাফায়েত হোসেন, মামুন মিয়া, ইয়ার মোহাম্মদ পারভেজ ও রিফাত হোসেন আদালতে হাজিরা দেন। অপর দুই আসামি সুলতান শওকত ও সালেহ রহমান সীমান্ত পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আবদুস সামাদ। তিনি জানান, শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখে পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, আগের ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে অভিযোগপত্র দাখিলের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলা হয়েছিল। কিন্তু তিনি অগ্রগতির বিষয়ে কোনো প্রতিবেদন বা আবেদন জমা দেননি। এ কারণে দ্রুত অভিযোগপত্র দাখিলের আবেদন জানানো হয়েছে।
এদিকে ত্বকীর বাবা রফিউর রাব্বি দীর্ঘসূত্রিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, তদন্তকারী সংস্থা এ পর্যন্ত ১০৪ বার সময় নিয়েছে। হত্যাকাণ্ডের ১৩ বছর তিন মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি।
রফিউর রাব্বি আরও বলেন, গত ২৬ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা আরও ৩০ দিনের সময় চেয়ে আদালতকে জানিয়েছিলেন যে প্রতিবেদন তৈরিতে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি প্রয়োজন। তিনি প্রশ্ন রাখেন, “এই অনুমতির জন্যও কি মাসের পর মাস সময় চলে যাবে?”
উল্লেখ্য, তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দীর্ঘদিন ধরে দাখিল না হওয়ায় বিচারপ্রক্রিয়া এখনো শুরু হয়নি।

