নারায়ণগঞ্জ জেলা কারাগারে জাহাঙ্গীর (৩৮) নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ জুন) রাতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে তিনি মারা যান।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ।
কারা কর্তৃপক্ষ জানায়, জাহাঙ্গীর আড়াইহাজার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। রূপগঞ্জ থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০১৪ সাল থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, গত রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

