নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পার্কে (সাবেক শেখ রাসেল পার্ক) অস্ত্র হাতে দুই যুবকের মানুষের প্রতিক্রিয়া ধারণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, লম্বা কুর্তা-পায়জামা ও টুপি পরা দুই যুবক বড় আকারের দুটি অস্ত্র হাতে পার্কে প্রবেশ করছেন। পরে তারা রিকশাচালক, পথচারী ও শিশুসহ বিভিন্ন মানুষের দিকে অস্ত্র তাক করছেন। এতে কেউ থমকে যাচ্ছেন, কেউ আতঙ্কিত হয়ে সরে যাচ্ছেন, আবার কেউ বিস্মিত হয়ে তাকিয়ে থাকছেন। এসব প্রতিক্রিয়ার দৃশ্য পেছন থেকে ক্যামেরায় ধারণ করা হয়।
ভিডিওটি প্রথমে ‘ভাইবোন’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। পরে ‘লিমন সিন্স ২০০৪’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ‘ওয়াফি লিমন’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টেও ভিডিওটি ছড়িয়ে পড়ে। এসব অ্যাকাউন্ট লিমন তোহার বলে জানা গেছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন এবং মানুষকে ভয় দেখানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কেউ কেউ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
তবে ভিডিওটি বাস্তব কোনো অস্ত্র প্রদর্শনের ঘটনা নয় বলে দাবি করেছেন ভিডিওটির সঙ্গে সংশ্লিষ্ট দুই যুবকের একজন। তার দাবি, সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধারণ করে বিনোদনমূলক কনটেন্ট তৈরির উদ্দেশ্যেই ভিডিওটি বানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভিডিওটি তৈরি করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা লিমন তোহা ও ইয়াসিন। লিমন নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার এলাকায় পারিবারিক দোকানে ব্যবসার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ভিডিও তৈরি করেন। আর ইয়াসিন তার ভিডিও ধারণে সহযোগিতা করেন।
লিমন তোহা বলেন, টিকটকে এ ধরনের ভিডিওর ট্রেন্ড দেখে তিনি কনটেন্টটি তৈরি করেন। অস্ত্র দেখে সাধারণ মানুষের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ধারণ করাই ছিল তাদের উদ্দেশ্য। তার দাবি, ভিডিওটি মূলত মজার কনটেন্ট হিসেবে তৈরি করা হলেও পরে ফেসবুকে নেতিবাচকভাবে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের সিনেমা ও নাটক দেখেন তিনি। সেসবের কিছু দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে নিজের মতো করে ভিডিও তৈরি করেন। পাকিস্তানি ভিডিও ও নাটকের আদলে তৈরি কনটেন্টে তুলনামূলক বেশি সাড়া পাওয়ায় এ ধরনের ভিডিও তৈরির প্রবণতা বেড়েছে বলেও জানান তিনি।
মানুষকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানো সঠিক কি না জানতে চাইলে লিমন বলেন, এটি অপরাধ কি না তা তিনি বুঝতে পারেননি। তার দাবি, তারা বিষয়টি মজা করেই করেছেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান বলেন, এমন কোনো ভিডিওর বিষয়ে তার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। কারা ভিডিওটি তৈরি করেছে, সে বিষয়েও অনুসন্ধান করা হবে। এ ঘটনায় পুলিশের কাছে এখন পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আসেনি।

