নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকারের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে (৫০) আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলামের বাড়ি পটুয়াখালী জেলায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় ইজিবাইকচালক ছিলেন।
স্বজনদের অভিযোগ, রাতে ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি প্রাইভেটকারের সঙ্গে রফিকুলের গাড়ির ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকারচালক নাদিম রফিকুলকে কিল-ঘুষি মারেন। এতে তার নাক দিয়ে রক্ত বের হয় এবং তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিমরাইল এলাকার রেন্ট-এ-কার মালিক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মাহমুদ জানান, ঘটনার পর স্ট্যান্ডের চালক নাদিমকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বাড়ি আদমজী বিহারী কলোনি এলাকায়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

