সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে চলমান আলোচনা ও নানা জল্পনার মধ্যেই আশির দশকের জনপ্রিয় সিনেমার গান ‘তুমি আমার জীবন’ নতুন করে ভাইরাল হয়েছে। মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ‘কেউ জানে না’ অংশটি শেয়ার করছেন নেটিজেনরা।
মূলত সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল কবে চূড়ান্ত হবে, সেই অনিশ্চয়তা থেকেই গানটির ‘কেউ জানে না’ কথাগুলো নতুন করে আলোচনায় এসেছে। পে-স্কেল নিয়ে প্রতিদিনই নতুন নতুন খবর প্রকাশিত হলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
‘অবুঝ হৃদয়’ সিনেমার জনপ্রিয় এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটির সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা জাফর ইকবাল ও ববিতা।
পে-স্কেল কবে চূড়ান্ত হবে—এই ‘কবে’ প্রশ্নের সঙ্গে গানের ‘কেউ জানে না’ কথাগুলোর মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। ফলে কয়েক দশক আগের গানটি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মজার ছলে ফারুক সাকিব নামে একজন গানটি শেয়ার করে লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিন এই খবর প্রকাশ পায়।’
রুবেল মাহমুদ নামে আরেকজন লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে, সেটাও মনে হয় কেউ জানে না।’
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। গানটির কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হলেও ইউটিউবেও গানটির জনপ্রিয়তা রয়েছে। এরই মধ্যে গানটি প্রায় ১ কোটি ৮০ লাখ বার দেখা হয়েছে। সম্প্রতি গানটির ১৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে জাফর ইকবাল ও ববিতার ঠোঁট মেলানো দৃশ্যের সঙ্গে ‘কেউ জানে না’ অংশটি নতুন করে নেটিজেনদের নজর কাড়ে।
পে-স্কেল নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য ও সম্ভাব্য সময়সীমার খবর প্রকাশ হলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সেই পরিস্থিতিকে রসিকতার সঙ্গে তুলে ধরতেই পুরোনো এই গানের ভিডিও শেয়ার করছেন অনেকে।

