নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে চার দিনব্যাপী চতুর্থ সৌদি ফ্যাশন ও টেক্সটাইল এক্সপো। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে বাংলাদেশের তৈরি পোশাক ও ফ্যাশন খাতের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাজারে নিজেদের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেদ্দা আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আয়োজনের বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের তৈরি পোশাক ও ফ্যাশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তা এবং বাণিজ্য মন্ত্রণালয় ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় বাংলাদেশ প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর সৌদি ব্যবসায়ী, আমদানিকারক, প্রবাসী উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জাকারিয়া নিটওয়্যার লিমিটেড, আলেয়া অ্যাপারেলস লিমিটেড, এমএসএএইচকিউ অ্যাপারেলস, মডেস্ট অ্যাটায়ার বাই জাহান, ইতন ফ্যাশনস লিমিটেড, স্বপ্নীল হাউজ, বনুম গার্মেন্টস লিমিটেড, বেল বটম লিমিটেড, মার্কার, সাওদা ফ্যাশন এবং আল নূর গার্মেন্টস লিমিটেড।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে পৃথক একটি বুথে বাংলাদেশের ঐতিহ্য, উৎপাদন সক্ষমতা ও রপ্তানিযোগ্য পণ্য নিয়ে তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের সক্ষমতা তুলে ধরা হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রদর্শনীতে ৫৫০টির বেশি প্রদর্শনী বুথ রয়েছে। বিশ্বের ২৫টির বেশি দেশ থেকে প্রায় ১০ হাজার বাণিজ্যিক দর্শনার্থী ও ক্রেতার অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। প্রদর্শনীতে তৈরি পোশাক, বস্ত্র, নিটপণ্য, কাপড় ও বিভিন্ন ফ্যাশনপণ্য প্রদর্শিত হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, মেলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বাজারে তৈরি পোশাক ও ফ্যাশন পণ্যের নতুন ক্রেতার সঙ্গে যোগাযোগ তৈরি হবে। একই সঙ্গে রপ্তানি সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব তৈরির সুযোগও বাড়বে।

