নিজস্ব সংবাদদাতা
বিগত ফ্যাসিবাদের আমলে চরম স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় তিনি কৃষিপণ্য সংরক্ষণে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো, কৃষিতে প্রয়োজনীয় প্রণোদনা দেওয়া এবং কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
দেশের কৃষি খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কৃষিকাজ থেকে পর্যাপ্ত আয় না হওয়ায় অনেক শ্রমিক পেশা পরিবর্তন করছেন। এর ফলে বিভিন্ন এলাকায় চাষাবাদের জন্য প্রয়োজনীয় শ্রমিক পাওয়া কঠিন হয়ে পড়ছে। এ সংকট মোকাবিলায় কৃষিকে লাভজনক করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তিনি।
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মাঠপর্যায়ে একজন কৃষক আলু প্রতি কেজি ১০ টাকায় বিক্রি করলেও ঢাকার বাজারে একই আলু ভোক্তাকে কিনতে হচ্ছে ৭০ টাকায়। তাঁর মতে, এ ব্যবধান কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই ক্ষতিকর। মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে কৃষকের উৎপাদন খরচ নিশ্চিত করা এবং ভোক্তার জন্য ন্যায্য দাম নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
আধুনিক ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপরও জোর দেন রাষ্ট্রপতি। সারের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর কৃষির প্রসার এবং কৃষি গবেষণাকে আরও গতিশীল করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবনে কৃষিবিজ্ঞানীদের উৎসাহিত করতে তাঁদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

