সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাসের মতো চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। তার দেশে ফেরার বিষয়টি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আগেই নিশ্চিত করেছিলেন।
শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস ও পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরেছেন।
গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
এরপর উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসা ও ফিজিওথেরাপি নেন।
মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছিলেন পরিবারের সদস্যরা। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
দীর্ঘ চিকিৎসা শেষে মির্জা আব্বাসের দেশে ফেরার খবরে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

