নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের আইনে অপরাধী ও দণ্ডিত ব্যক্তিদের আশ্রয় না দিয়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, ভারত গণতন্ত্রের কথা বললেও বাংলাদেশের কিছু অপরাধীকে আশ্রয় দিচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসংযোগ ও ইস্যুবিহীন দাবির নামে নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের গণতন্ত্র যারা বিপন্ন করেছিল, তাদের পার্শ্ববর্তী দেশ রক্ষা করেছে। শুধু রক্ষা নয়, ওই দল ও তাদের নেত্রীর সঙ্গে ভারত বিশেষভাবে সহযোগিতামূলক আচরণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, কেউ সীমান্ত অতিক্রম করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা যেতে পারে। তবে তাকে হত্যা করা যায় না।
বাংলাদেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে উল্লেখ করে দুদু বলেন, এ জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। স্বাভাবিক বাংলাদেশকে এগিয়ে নিতে তার আকাঙ্ক্ষা ও উদ্দেশ্য সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের প্রসঙ্গ তুলে দুদু বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিএনপির দপ্তর (সংযুক্ত) ও কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

