রাষ্ট্রপতি নির্বাচন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি জানান, সংসদ ভবন থেকে শেরেবাংলা নগরে সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
কবর জিয়ারতের আগে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জিয়ারত শেষে তিনি গুলশানে নিজ কার্যালয়ের উদ্দেশে রওনা হন।
গুলশানের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করেন। এরপর তিনি একটি সাংগঠনিক সভায় যোগ দেন।

