নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর, সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পাশাপাশি গণমাধ্যমের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।
সম্পাদক পরিষদের সদস্যরা বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। এ সময় তাঁরা একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। জনস্বার্থে দায়িত্বশীল গণমাধ্যমের সঙ্গে রাষ্ট্র ও সরকারের আরও কার্যকর ও নিয়মিত যোগাযোগ এবং সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
গণমাধ্যম যেন স্বাধীন, মুক্ত ও নিরাপদ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে পারে, তা নিশ্চিত করতে রাষ্ট্রের সহযোগিতা চান তাঁরা। রাষ্ট্রপতি এ বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে রাষ্ট্রপতি সম্পাদক পরিষদের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

