নিজস্ব প্রতিবেদক
শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধ এবং তাদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি বিশেষ সেল গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদাত রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সময়ে নিখোঁজ হওয়া শিশুদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা শিশু অপহরণ ও নিখোঁজের ঘটনা, কন্যাশিশুদের সাইবার নিরাপত্তা এবং নিখোঁজ শিশুদের তদন্ত ও উদ্ধারে বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
সাদাত রহমান নিখোঁজ শিশুদের সন্ধান ও উদ্ধারে ফাউন্ডেশনের উদ্যোগ ‘মুন অ্যালার্ট’, শিশুদের অনলাইন নিরাপত্তায় ‘সাইবার টিনস’ এবং হেল্পলাইন ১৩২১৯-এর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। মুন অ্যালার্ট দেশব্যাপী কার্যকর করা, দীর্ঘদিন নিখোঁজ শিশুদের উদ্ধারে বিশেষ জাতীয় অভিযান পরিচালনা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে তাঁরা রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি জানান। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে তাঁদের আশ্বস্ত করেন তিনি।
শিশুদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে রাষ্ট্রপতি এসব কার্যক্রমে আরও মানুষকে সম্পৃক্ত করা এবং কাজের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। শিশুদের নিরাপত্তা ও সুরক্ষায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ শৈশব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

