নিজস্ব সংবাদদাতা
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার দীর্ঘসূত্রতা শেষ করে দ্রুত চার্জশিট দাখিল ও বিচার শুরুর দাবি জানিয়েছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতারা।
সোমবার (৯ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে আলোক প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা মামলার তদন্তে অগ্রগতি না থাকা এবং দীর্ঘদিনেও অভিযোগপত্র আদালতে দাখিল না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনি সুপান্থ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরিন। এতে বক্তব্য দেন ত্বকীর পিতা রফিউর রাব্বি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রথীন চক্রবর্তী, প্রদীপ ঘোষ বাবু, জাহিদুল হক দীপু, শিবনাথ চক্রবর্তী, সচিদ আবুনাইম খান বিপ্লব, অঞ্জন দাস, হাফিজুর রহমান, মাহমুদ হোসেন, দুলাল সাহা ও কবি কাজল কাননসহ অনেকে।
ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেন, মামলাটি দীর্ঘ সময় ধরে ঝুলে আছে এবং একাধিক ধার্য তারিখ পার হলেও এখনো চার্জশিট জমা হয়নি। তিনি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, দ্রুত চার্জশিট দাখিল করে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় নেওয়া জরুরি।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনে একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেলেও এখনো মামলার অভিযোগপত্র আদালতে দাখিল হয়নি।
ত্বকী হত্যার বিচার দাবিতে প্রতি মাসের ৮ তারিখে নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে সাংস্কৃতিক জোট।

