নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। পরিবারটিকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত ওমরাহযাত্রীদের সহযোগিতায় শুরু থেকেই কাজ করছেন মন্ত্রী। দেশে ফিরে আসা যাত্রীদের বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনাও জানানো হয়েছে।
গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন ৪৫ বছর বয়সী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা এবং কাফেলার দলনেতা ছিলেন। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।
হামলার খবর পাওয়ার পর ধর্মমন্ত্রী কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন তিনি। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও যাত্রীদের নিয়মিত খোঁজখবর রাখেন। হামলায় লাগেজ হারানো যাত্রীদের জন্য খাবার ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট এবং নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।
নিহত নাসরুল্লাহর পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরে তাঁর বাড়িতে যায়। সেখানে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। নিহতের মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। এ ছাড়া তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।
এদিকে, হামলার শিকার ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, হজ অধিদপ্তরের পরিচালক মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ সাংবাদিকদের বলেন, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে মন্ত্রীর নির্দেশনায় তাঁরা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। দেশে ফেরা যাত্রীদের জন্য নৈশভোজের পাশাপাশি নিজ নিজ মাদরাসা ও বাসায় পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী যাত্রীদের সহযোগিতা অব্যাহত রাখা হবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের মহাসচিব আকরাম হোসাইনের নেতৃত্বে ওমরাহ কাফেলার সদস্যরা বিপদের সময়ে পাশে থাকা ও সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসা, আবাসন ও অন্যান্য সহায়তা দেওয়ায় সৌদি সরকারের প্রতিও ধন্যবাদ জানান তাঁরা।
বিমানবন্দরে জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদরাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতারা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

