নিজস্ব সংবাদদাতা
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা ওয়াসা-এর অধীনে বাস্তবায়নাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের প্রথম ধাপের কাজ ইতোমধ্যে প্রায় ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ শেষ করে আগামী এক বছরের মধ্যে প্রকল্পটি পুরোপুরি চালু করা হবে।
তিনি বলেন, ঢাকা মহানগরের দুই সিটি করপোরেশনে ভূগর্ভস্থ পানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা কমানো এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় মেঘনা নদী থেকে উপরিভাগের পানি এনে সরবরাহের এই মেগা প্রকল্প এখন বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (ডিইএসডব্লিউএসপি) দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প। এর মূল লক্ষ্য হলো মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা।
প্রকল্পের আওতায় নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন পাইপলাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প চালু হলে রাজধানীতে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং দীর্ঘমেয়াদে ভূগর্ভস্থ পানির স্তর সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

