নিজস্ব সংবাদদাতা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (৩ অক্টোবর) ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী প্রথম আলোকে ছবিটির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া।
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এ নৈশভোজের আয়োজন করেন।
নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তখন তাঁর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে ছিলেন জুবাইদা রহমান।
এর আগে ২২ সেপ্টেম্বর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।

