মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে অনুষ্ঠিত এই রাষ্ট্রীয় সফরে তাঁকে জমকালো ও আনুষ্ঠানিক মর্যাদায় স্বাগত জানানো হয়।
আজ সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেল থেকে মোটর শোভাযাত্রা সহযোগে পুত্রজায়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
রাষ্ট্রীয় সংবর্ধনার অংশ হিসেবে লালগালিচায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। এ সময় মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন। একইভাবে আনোয়ার ইব্রাহিমও তাঁর মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরিচয় পর্বের আনুষ্ঠানিকতা শেষে পেরদানা পুত্রা ভবনে প্রবেশের আগে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর দুই দেশের সরকারপ্রধান এক একান্ত বৈঠকে মিলিত হন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, শ্রমবাজার, বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা হয়।
এদিকে এই উচ্চপর্যায়ের সফর উপলক্ষে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার দীর্ঘ সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা টানিয়ে বিশেষ সাজসজ্জা করা হয়। এর মধ্য দিয়ে সফররত বাংলাদেশি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান ও উষ্ণ আতিথেয়তা জানাল মালয়েশিয়া।


