বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে ঢাকা থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দ্বিপক্ষীয় এই সফরের প্রস্তুতি চললেও সফরের আগে দুই দেশের মধ্যে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা জরুরি।
প্রতিবেদন অনুযায়ী, ঢাকার পক্ষ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে রয়েছে—মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড ও সংবাদ সম্মেলনের কারণে সফরের পরিবেশ কিছুটা ব্যাহত হয়েছে বলে মনে করছে ঢাকা।
এ কারণে সফরের চূড়ান্ত সূচি নির্ধারণের আগে সংবেদনশীল এসব বিষয়ের সুরাহা এবং কার্যকর পদক্ষেপের ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। ঢাকার অবস্থান অনুযায়ী, অনুকূল পরিবেশ তৈরি হলেই সফরের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি স্পষ্ট হবে।

