চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ দাঁড়ায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের প্রথম ২৫ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়া বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকগুলোর মধ্যে জুলাইয়ের প্রথম ২৫ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক, যার মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার।
অন্যদিকে, অগ্রণী ব্যাংকের মাধ্যমে জুলাইয়ের প্রথম ২৫ দিনে প্রবাসী আয় এসেছে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার।

